মুলারের কাছেও ‘পাগলামি’
পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল আর তিনবারের চ্যাম্পিয়ন জার্মানির সেমি-ফাইনাল ম্যাচ নিয়ে প্রত্যাশা ছিল হাড্ডহাড্ডি লড়াইয়ের। স্বাগতিক দলের সেরা তারকা নেইমার ও অধিনায়ক চিয়াগো সিলভা ছিল না, তাতে কি? দেশের মাটিতে খেলা হওয়ায় বাড়তি সুবিধা তো ছিল ওদের। কোথায় কি, ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠে গেছে ইউরোপের দেশটি। জয়টা অসাধারণ, কিন্তু টমাস মুলারের কাছে এটা যেন ‘পাগলামি’ মনে হচ্ছে।
মঙ্গলবার বেলো হরিজন্তেতে ১১তম মিনিট মুলারের গোল দিয়ে ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের অপমৃত্যুর শুরু। ১২ মিনিট বাদে মিরোস্লাভ ক্লোসার রেকর্ড গড়া গোল। পরের তিন মিনিটে টনি ক্রুসের দুইবার লক্ষ্যভেদ। তারপর সামি খেদিরার গোলে ২৯ মিনিটের মধ্যে জার্মানি ৫-০ ব্যবধানে এগিয়ে। অর্থাৎ ছয় মিনিটে ব্রাজিলের জালে চার গোল!
দ্বিতীয়ার্ধে আন্দ্রে শুরলের জোড়া গোলে স্কোরলাইন ৭-০ হওয়ার পর আসে অস্কারের একমাত্র সান্ত্বনাসূচক গোল।
অন্যতম ফেভারিট ব্রাজিলকে এভাবে ছিন্নভিন্ন করে দেয়ার পর মুলারও স্কোরলাইনকে বলছেন পাগলামি।
“অবশ্যই, ওরকম স্কোর আমরা আশা করিনি। কিন্তু এটাকে আপনারা এভাবেও দেখতে পারেন, ম্যাচ কেমন ভিন্ন পথে যেতে পারে।”
এত এত গোলের কারণও ব্যাখ্যা করেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বল পাওয়ার পর ব্রাজিল খুব দ্রুত সামনে এগিয়েছে। এ কারণে রক্ষণাত্মক মানসিকতার একটা দলের কাছে যতটুকু জায়গা পাওয়ার কথা তার চেয়ে জার্মানি গোল করার জন্যে বেশি জায়গা পেয়েছে বলে মনে করেন বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড মুলার।
ব্রাজিল ম্যাচ নিয়ে অবশ্য বেশি ভাবতে চান না টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচ গোল করা মুলার। জানান, এবার তাদের লক্ষ্য শেষ ধাপের বিজয়।
আগামী রোববার রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে খেলবে জার্মানি।
