২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারাকানার চেয়েও বেশি কষ্ট মিনেইরাওয়ে

তারা ভাষাহীন আর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে। জার্মানির কাছে ৭-১ গোলের হারটি ভয়ঙ্করতম দু:স্বপ্নেও দেখেনি তারা। অকল্পনীয় এই হারকে ১৯৫০ বিশ্বকাপে উরুগুয়ের কাছে শিরোপা হারানো ম্যাচের চেয়েও বাজে মনে করছে ব্রাজিলের মানুষ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 08:07 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

১৯৫০ সালে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মারাকানায় ২-১ গোলে হেরে গিয়েছিল ব্রাজিল। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজনের অনুমতি পাওয়ার পর থেকেই সেই দুঃখ ভোলার স্বপ্ন দেখে আসছিল ব্রাজিলের মানুষ। তবে এবার এর মারাকানার চেয়েও বড় কষ্ট পেতে হলো তাদের।

বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওয়ে মঙ্গলবার সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। অনেকগুলো লজ্জার রেকর্ড সঙ্গী হয়েছে স্বাগতিকদের।

ম্যাচ শেষে ঘর-ফিরতি ব্রাজিলের সমর্থকরা হতাশা আর ক্ষোভের কথা বলেন। সাও পাওলোর ২৮ বছর বয়সী তরুণ ফের্নান্দো হাস্সানের কাছে এই হার ১৯৫০ সালের ম্যাচটাকেও হার মানানো।

"এটা ১৯৫০-এর চেয়েও বাজে। লড়াই করে ম্যাচ হারা এক বিষয়, আর চূড়ান্ত লজ্জায় ডোবা আরেক ব্যাপার।"

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই স্তাদিও মিনেইরাওতে ব্রাজিল সমর্থকদের কান্না শুরু হয়। হতাশার চাদর ছেয়ে ফেলে ব্রাজিলের বিভিন্ন শহরের পানশালা আর রেস্তোরাঁগুলোয়। ম্যাচের ভাগ্য তো আসলে ২৯ মিনিটের মধ্যেই লেখা হয়ে যায়। এই সময়ের মধ্যে ব্রাজিল ৫-০ গোলে পিছিয়ে পড়ে।

দুঃখ ছুঁয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফকেও। টুইটারে তিনি লেখেন, "খুব, খুব দু:খিত...ব্রাজিলের আর সব মানুষের মতো। আমাদের সমর্থক আর খেলোয়াড়দের জন্য আমি খুব দুঃখিত।"

পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের অর্জনের ডালায় ঘরের মাঠে বিশ্বকাপ জিততে না পারাটা কালো একটি দাগ হয়েই থাকবে। তবে এখন আর ১৯৫০ বা মারাকানা নয়, ব্রাজিলের মানুষকে এখন তাড়িয়ে বেড়াবে ২০১৪ আর মিনেইরাও স্টেডিয়ামের লজ্জা।

১৯৫০ সালে চিকিৎসা শাস্ত্রের ছাত্র লাউদ্রেস মউরার বয়স এখন ৮৮। লুইস ফেলিপে স্কলারির দল তার মন থেকে মারকানা-ট্র্যাজেডি মুছিয়ে দিতে পারল না বলে ক্ষুব্ধ তিনি।

"এটা লজ্জা। তখন আমি কেঁদেছিলাম, এবার আমি ক্ষুব্ধ।"