পুরনো কষ্ট ভুলতে চায় ডাচরা
তিনবার ফাইনালে উঠলেও বিশ্বকাপের শিরোপা জেতা হয়নি নেদারল্যান্ডসের। বহুদিন ধরে বয়ে বেড়ানো ওই কষ্টটা এবার দূর করতে মরিয়া ডাচরা। স্বপ্নপূরণ থেকে দুই ধাপ দূরে থাকা দলটির সামনে প্রথম বাধা আর্জেন্টিনা।
আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ডাচরা অনেক এগিয়ে। লাতিন এই প্রতিপক্ষের বিপক্ষে ইউরোপীয় দলটি হেরেছে মাত্র একবার। আর তাতেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে হারের হতাশা নিয়ে বাড়ি ফেরে তারা। পুরনো সেই হতাশা দূর করার আরেকটি উপলক্ষ এসেছে নেদারল্যান্ডসের সামনে।
ফিফা ডটকমকে দলটির ফরোয়ার্ড ডির্ক কুইট বলেন, “সেমি-ফাইনালে খেলা চমৎকার ব্যাপার, কিন্তু বিশ্বকাপ হারানোর অনুভূতির সঙ্গে আমরা পরিচিত।”
১৯৭৮ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছিল নেদারল্যান্ডস। পরে ১৯৯৮ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে প্রতিশোধ নেয় ডাচরা কিন্তু শিরোপা হারানোর ক্ষত তো আর তাতে শুকায়নি।
বিশ্বকাপের গত আসরেও ফাইনালে ওঠে নেদারল্যান্ডস। সেবার তাদের বিমুখ করে চ্যাম্পিয়ন হয় স্পেন।
এবার আরেকটি সুযোগ আরিয়েন রবেন, রবিন ফন পের্সি, কুইটদের সামনে। ফের যাতে হাতের নাগাল থেকে শিরোপা হাতছাড়া না হয়, তাতে এবার সতর্ক ১৯৭৪ বিশ্বকাপেও ফাইনাল খেলা নেদারল্যান্ডস।
আর্জেন্টিনাকে কঠিন প্রতিপক্ষ মানলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দলটি।
“আর্জেন্টিনা বিশ্বমানের দল এবং শেষ চারে থাকা তাদের প্রাপ্য। কিন্তু আমরা সেরা দলের বিপক্ষে নিজেদের পরীক্ষা করে নিতে চাই, শুধু পরীক্ষা নয়, জিততে চাই।”
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস এ পর্যন্ত মুখোমুখি হয়েছে ৮বার। এর মধ্যে ৪টিই জিতেছে নেদারল্যান্ডস, একটি জিতেছে আর্জেন্টিনা; বাকি তিনটি ড্র।
আর বিশ্বকাপে চারবারের মুখোমুখি লড়াইয়ে দুবার জিতেছে নেদারল্যান্ডস, আর্জেন্টিনার জয় একটিতে; অন্যটি ড্র।
