২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গোল খরা' কাটাবেন ফন পের্সি?

ব্রাজিল বিশ্বকাপে এরই মধ্যে করেছেন তিন গোল। তারপরও আর্জেন্টিনার বিপক্ষে শেষ চারের ম্যাচের আগে নেদারল্যান্ডস দলের অধিনায়ক রবিন ফন পের্সিকে ঘিরে ঘুরে ফিরছে 'গোল খরা' শব্দগুচ্ছ! কারণ একটাই, এখনো বড় কোনো টুর্নামেন্টের নকআউটে গোল পাননি এই ডাচ ফরোয়ার্ড। এবার কি পাবেন?

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 08:29 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

সাও পাওলোতে বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় সেমি-ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। বড় এই উপলক্ষেই কি জেগে উঠবেন ফন পের্সি?

ব্রাজিল বিশ্বকাপের শুরুটা দারুণভাবেই করেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারাতে জোড়া গোল করেন তিনি। এর মধ্যে উড়ন্ত হেডে করা গোলটি বছরের সেরার স্বীকৃতি পাওয়ার দৌড়ে আছে।

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষেও একটি গোল পান ফন পের্সি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর কোনো রাখঢাক না রেখেই ফন পের্সি ঘোষণার সুরে বলেন-বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে চান।

কি আশ্চর্য! এর পর থেকেই তার গোল-খরার শুরু। ওই গোলের পর ২২৫ মিনিট খেলেও কোনো গোল পাননি ডাচদের অন্যতম ভরসা।

চিলির বিপক্ষে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি। শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে ৭৬ মিনিট পর তাকে মাঠ থেকে তুলে নেন কোচ লুইস ফন গাল। বেঞ্চ থেকে নেমে পেনাল্টি থেকে গোল করেন ইয়ান-ক্লাস হুন্টেলার।

কোস্টা রিকার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে বেশ কিছু ভালো সুযোগ পান ফন পের্সি। কিন্তু গোল করতে পারেননি তিনি। আর তাই টুর্নামেন্টের দুই ম্যাচ পর গোল্ডেন বুট জয়ের প্রত্যয়ের ঘোষণা দেয়া ফন পের্সি টুর্নামেন্ট শেষের দুই ম্যাচ আগে শীর্ষ গোলদাতাদের তালিকায় আছেন হামেস রদ্রিগেস, মেসি, মুলার, নেইমারদের পেছনে।

৬টি গোল নিয়ে তালিকার শীর্ষে আছেন কলম্বিয়ার হামেস রদ্রিগেস। চারটি করে গোল করে এর পর মেসি, নেইমার ও মুলার। তবে এদের মধ্যে রদ্রিগেসের দল টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে আর চোটের কারণে নেইমার ছিটকে পড়েন।

ফন পের্সির জন্য অবশ্য এটা নতুন নয়। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে মাত্র একটি করে গোল করেন পের্সি। দুটিই প্রথম রাউন্ডে। ২০০৮ ইউরোতে গ্রুপ পর্বে দুই গোল পেলেও সংখ্যাটা আর বাড়াতে পারেননি। ২০১২ ইউরোতে তার দল গ্রুপ পর্ব পেরোতে পারেনি, একটি মাত্র গোল করেন তিনি।