২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস গড়তে অতীত প্রেরণা মাসচেরানোর

১৫ ডিসেম্বর ২০০৩, আর্জেন্টিনার হাভিয়ের মাসচেরানোর চোখ, চিবুক গড়িয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছিল। দানি আলভেসের ব্রাজিলের কাছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে হেরে যাওয়ার পরের দৃশ্য ছিল এটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 08:01 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

পরে কান্নায় ভেঙে পড়ার ব্যাখ্যা দিয়েছিলেন মাসচেরানো, "এই জার্সিটার (আর্জেন্টিনার জার্সি) মানে আমার কাছে অনেক কিছু। এটা ব্যাখ্যা করা খুব কঠিন।"

এক দশকের বেশি সময় পর এসে আর্জেন্টিনার জার্সি গায়ে আরেকবার কাঁদলেন মাসচেরানো। এর মধ্যে দুটি অলিম্পিক সোনা জিতেছেন, দেশের হয়ে তৃতীয় বিশ্বকাপে খেলছেন; এমনকি আর্জেন্টিনার হয়ে ম্যাচ খেলার শতকও হয়ে গেছে। এই কীর্তি গড়া মাসচেরানো কাঁদলেন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ শেষে।

এবার আর হতাশায় নয়, মাসচেরানোর এবারের চোখের জল আনন্দের। বেলজিয়ামকে হারিয়ে দুই যুগ পর আবার আর্জেন্টিনা বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠল। দলকে তীব্রভাবে ভালোবাসা মাসচেরানোর চোখে আনন্দের জল না এসে কি পারে!

শনিবার বেলজিয়ামকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার দুই দিন পর এবারকার চোখের জলেরও ব্যাখ্যা দিলেন মাসচেরানো। তার এই ব্যাখ্যাই হতে পারে সেমি-ফাইনাল জয়ের জন্য আর্জেন্টিনা দলের প্রত্যেকটি খেলোয়াড়ের সবচেয়ে বড় প্রেরণা।

"আমরা অনেক দিন থেকে এর জন্য লড়াই করছি এবং এখন এটা করতে পেরেছি। অবশ্যই আমরা উচ্ছ্বসিত। কিন্তু এটাকে আত্মবিশ্বাসে পরিণত করতে হবে এবং খুব দ্রুত শক্তি ফিরে পেতে হবে।"

এর পর সতীর্থদের সবার মনে করিয়ে দিলেন-এখনো চূড়ান্ত সাফল্য পাওয়ার বাকি আছে।

"আমাদের মনে রাখতে হবে বিশ্বকাপ ফাইনাল খেলা থেকে আমরা আর এক ধাপ দূরে এবং এখনো আমরা ইতিহাস গড়ে ফেলিনি।"

গত দুটি বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। মুখ লুকিয়ে কেঁদেছেন মাসচেরানো। এবার রিও দে জেনেইরোর মারাকানায় কাঁদতে চান তিনি। তবে মুখ লুকিয়ে নয়, আনন্দের কান্না কি আর মুখ লুকিয়ে হয়!

আর মাথা উঁচু করে আনন্দের কান্না কাঁদতে নিজের সর্বস্ব উজার করে দিতে প্রস্তুত আর্জেন্টিনার 'মিডফিল্ড জেনারেল'।