সহজ জয় দেখছেন না জার্মান কোচ
ব্রাজিল দলে নেইমার ও চিয়াগো সিলভা না থাকায় জার্মানির ফাইনালে ওঠার পথটা কি সহজ হয়ে গেল? প্রতিপক্ষ জার্মানির কোচ ইওয়াখিম লুভ কিন্তু তা মনে করেন না।
কোয়ার্টার-ফাইনালে কলম্বিয়ার হুয়ান সুনিগার হাঁটুর আঘাতে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। তাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর তার মেরুদণ্ডের কশেরুকায় চিড় ধরা পড়ে। পরে দলের পক্ষ থেকে তার বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার খবর দেয়া হয়। আর হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় পড়ে শেষ চারের ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলের অধিনায়ক ও ডিফেন্ডার সিলভা।
সেরা দুই খেলোয়াড়কে ছাড়া সেমি-ফাইনালের মতো গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামা ব্রাজিলের চরম দুর্ভাগ্য মানছেন জার্মানির কোচ। কিন্তু সেটা আবার তার দলের জন্য উল্টো বিপদ হতে পারে বলেও শিষ্যদের সতর্ক করে দিয়েছেন লুভ।
কোচ লুভের মতে, অনেক সময় পিছিয়ে পড়াটাই একটা দলে বাড়তি প্রেরণা যোগ হয়।
“চিয়াগো সিলভার অনুপস্থিতিতে ব্রাজিল দলের গভীরতাটা দেখা যাবে। এখন (বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার) দান্তের মতো একজন খেলোয়াড়কে নিতে পারবে ফেলিপে স্কলারি (ব্রাজিল কোচ)।”
তবে নেইমারের পরিবর্তে স্কলারি কাকে নিতে পারেন এমন কোনো কথা বলেননি জার্মান কোচ।
“নেইমার গ্রেট ফুটবলার আর তার ছিটকে পড়াটা তার নিজের, তার দল এবং পুরো জাতির জন্য হতাশার।”
লুভের আশা, যত দ্রুত সম্ভব নেইমার ফিরে আসবে এবং বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার হতাশা কাটিয়ে উঠবে।
