বিশ্বকাপের মাঝেই চলে গেলেন দি স্তেফানো
বিশ্বকাপের মধ্যেই চলে গেলেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানো। দুই দিন আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সোমবার মাদ্রিদের একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন সর্বকলের অন্যতম সেরা হিসেবে বিবেচিত এই ফুটবলার। তবে কখনই বিশ্বকাপ খেলা হয়নি তার।
গত শনিবার স্পেনের মাদ্রিদে হৃদরোগে আক্রান্ত হন ৮৮ বছর বয়সী স্তেফানো। রাজধানীর গ্রেগরিও মারানন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
রিয়াল মাদ্রিদের হয়ে ১৯৫৫-৫৬ মৌসুম থেকে ১৯৫৯-৬০ মৌসুম পর্যন্ত টানা পাঁচটি ইউরোপিয়ান (বর্তমানে এটা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নামে পরিচিত) কাপ জেতেন স্তেফানো। ওই পাঁচটি টুর্নামেন্টের সবকটি ফাইনালেই গোল করেছিলেন আর্জেন্টিনায় জন্ম নেয়া এই তারকা।
এছাড়া রিয়ালের হয়ে আটবার লা লিগা শিরোপা জেতেন স্তেফানো। ১৯৫৭ ও ১৯৫৯ সালে ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কারও পান তিনি।
১৯৬৪ সালে রিয়াল ছাড়েন স্তেফানো। রিয়ালের হয়ে ১১ মৌসুমে ৩০০টির বেশি গোল করেন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে আর্জেন্টিনার হয়ে ছয়টি, কলম্বিয়ার হয়ে চারটি এবং স্পেনের হয়ে ৩১টি ম্যাচ খেলেন দি স্তেফানো। তবে কলম্বিয়ার হয়ে দি স্তেফানোর ম্যাচগুলো ফুটবলের সর্বোচ্চ সংস্থা ‘ফিফা’ স্বীকৃত নয়।
