সিলভার নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্রাজিলের আবেদন
ব্রাজিলের অধিনায়ক চিয়াগো সিলভার হলুদ কার্ডের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্রাজিল ফুটবল কনফেডারশন (সিবিএফ) আবেদন করেছে বলে রোববার জানিয়েছে ফিফা।
শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল ম্যাচে প্রতিপক্ষের গোলরক্ষক দাভিদ ওসপিনাকে ফাউল করায় রেফারি সিলভাকে হলুদ কার্ড দেখান। টুর্নামেন্টে এটা দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় সেমি-ফাইনালে খেলতে পারবেন না বিশ্বের অন্যতম সেরা এই ডিফেন্ডার।
সিবিএফের আবেদন প্রসঙ্গে ফিফার গণমাধ্যম প্রধান ডেলিয়া ফিশার বলেন, “সিবিএফের একটা আবেদন আমরা পেয়েছি এবং তার পর্যালোচনা করা হচ্ছে।”
আগামী মঙ্গলবার বেলো হরিজন্তেতে ফাইনালে ওঠার লড়াইয়ে জার্মানির মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
চোটের কারণে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। নেইমারের মেরুদণ্ডের কশেরুকায় চিড় ধরা পড়েছে। সঙ্গে রক্ষণভাগের অন্যতম ভরসা সিলভার অনুপস্থিতিতে আরো শক্তি হারাবে ব্রাজিল।
