২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়ারকে সেরা বললেন কান

এবারের বিশ্বকাপ মাতিয়েছেন অনেক গোলরক্ষক। তবে জার্মানির সাবেক গোলরক্ষক অলিভার কানের মতে, সেরা তার স্বদেশী মানুয়েলই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 11:06 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দলের ১-০ গোলের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন নয়ার।

ওই ম্যাচের আগ পর্যন্ত ব্রাজিলে এবার নয়ারকে তেমন কোনো কঠিন পরীক্ষায়-ই পড়তে হয়নি। কিন্তু দলের প্রযোজনে ঠিকই জ্বলে উঠলেন বায়ার্ন মিউনিখের এই তারকা গোলরক্ষক।

গত শুক্রবার রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে শেষ চারের ম্যাচে মাটস হুমেলসের গোলে শুরুতেই এগিয়ে যায় জার্মানরা। এরপর লড়াইয়ে ফিরতে ধীরে ধীরে আক্রমণে মনোযোগী হয়ে ওঠে ফরাসিরা। দ্বিতীয়ার্ধে তো উপর্যুপুরি আক্রমণে জার্মান রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলে করিম বেনজেমা-পল পগবারা। কিন্তু নয়ারের দুর্দান্ত সব সেভ সেমি-ফাইনালে পৌঁছে দেয় জার্মানিকে।

নয়ারের ওই দুর্দান্ত পারফরম্যান্সের উদাহরণ টেনেই নয়ারকে আধুনিক ফুটবলের সেরা গোলরক্ষক বলেন ২০০২ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জেতা অলিভার কান।

“এই বিশ্বকাপে নয়ার প্রমাণ করেছে যে বর্তমানে সেই বিশ্বের সেরা গোলরক্ষক।”

কান আরো বলেন, “সে যে চমৎকার ফুটবলার এবং সত্যিই খুব ভালো খেলে তা সবাই জানে। কিন্তু মূল বিষয়টা হলো গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে সে জয় ছিনিয়ে আনতে পারে।”

আগামী মঙ্গলবার বেলো হরিজন্তেতে ফাইনালে ওঠার লড়াইয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি।