অপরাজিত কোস্টা রিকাকে নিয়ে গর্ব কোচের
নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায়; কাগজেকলমে লেখা থাকবে কোয়ার্টার-ফাইনালের এই ম্যাচটিও ড্র করেছে কোস্টা রিকা। অপরাজিত এই দল নিয়ে তাই গর্বিত কোচ হোর্হে লুইস পিন্তো।
শনিবার সালভাদরের আরেনা ফন্তে নোভায় টাইব্রেকারে হেরে শেষ আটেই থেমে গেছে কোস্টা রিকার রূপকথা। তবে অসাধারণ সব অর্জন নিয়ে যেতে পারায় দারুণ খুশি পিন্তো।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সেই অর্জন আর গর্বের কথা জানান কোস্টা রিকা কোচ।
"এই বিশ্বকাপে আমরা অনেক দারুণ জিনিসই করেছি। অনেক মানুষই বিশ্বাস করত না যে, আমরা এমন অসাধারণ কিছু করতে পারি।"
কোস্টা রিকার এই অসাধারণ অর্জনের মধ্যে আছে গ্রুপ পর্বে সাবেক দুই চ্যাম্পিয়ন ইতালি ও উরুগুয়েকে হারানো। আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে ওঠে কোস্টা রিকা।
শেষ ষোলোতে কোস্টা রিকা হারায় ইউরোর সাবেক চ্যাম্পিয়ন গ্রিসকে। তবে শেষ আটে আর নেদারল্যান্ডসের সঙ্গে ভাগ্য পরীক্ষায় আর পেরে ওঠেনি পিন্তোর দল। ১২০ মিনিটের খেলা গোলশূন্য সমতা থাকার পর টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে যায় তারা।
পিন্তো অবশ্য যা কিছু পেয়েছেন, তাতেই খুশি। এই অর্জনটাকেই তিনি বড় করে দেখছেন।
"আমরা ফুটবলের পরাশক্তিদের বিপক্ষে খেলেছি। টুর্নামেন্ট থেকে যাচ্ছি অপরাজিত হিসেবে। এটা অবিশ্বাস্য। পাঁচটি ম্যাচ খেলেছি আমরা এবং একটি গোল খেয়েছি আর একটি পেনাল্টি হজম করেছি।"
টুর্নামেন্টটা দুর্দান্ত কাটায় শেষাবধি খুশি ম্যাচসেরা কোস্টা রিকার গোলরক্ষক কেইলর নাভাস।
"শূন্য একটা অনুভূতি নিয়েই যাচ্ছি আমরা। মাথার মধ্যে এখন অনেক কিছুই ঘুরবে। তবে আমার মনে হয়, দারুণ কিছু করেছি আমরা।"
সংবাদ সম্মেলনে পিন্তোকে উত্তর দিতে হয় ম্যাচের অন্তিম মুহূর্তে প্রতিপক্ষের গোলরক্ষক পরিবর্তনের বিষয় নিয়েও। এটি তিনি কিভাবে নিচ্ছেন?
পিন্তোর কথায় স্পষ্ট হয়, বিষয়টি তার ভালো লাগেনি।
"হতে পারে সে বিশেষজ্ঞ। আমি এটা সম্মান করি। এমনটা এর আগে কখনো দেখিনি...তবে আমরা একদমই ঘাবড়ে যাইনি।"
