শেষ চারে অনিশ্চিত দি মারিয়া
বেলজিয়ামকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার আনন্দের মধ্যেও একটা দুশ্চিন্তা উঁকি দিয়েছে আর্জেন্টিনা দলে। চোটের কারণে শেষ চারে খেলা অনেকটাই অনিশ্চিত দলের তারকা মিডফিল্ডার আনহেল দি মারিয়ার।
শনিবার ব্রাজিলিয়ার স্তাদিও নাসিওনালে গনসালো হিগুয়াইনের গোলে বেলজিয়ামকে ১-০ ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটির উৎস ছিলেন দি মারিয়া। তবে ৩৩তম মিনিটে ঊরুর চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
আর্জেন্টিনা কোচ আলেহান্দ্রো সাবেইয়া দি মারিয়ার সর্বশেষ অবস্থার কথা জানাতে গিয়ে বলেন, "আনহেলের ডান ঊরুতে সমস্যা হয়েছে। রোববার এ নিয়ে বিশ্লেষণ করব আমরা।"
রোববার স্ক্যান করানোর পরই জানা যাবে দি মারিয়ার চোট কতটা। তবে আপাতত ধারণা করা হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে সেমি-ফাইনালে খেলা নাও হতে পারে রিয়াল মাদ্রিদ তারকার।
সাও পাওলোতে নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার সেমি-ফাইনালটি আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ২টায়।
