২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফন পের্সি বনাম নাভাস এবং অন্যান্য

রবিন ফন পের্সি-আরিয়েন রবেনরা কি ধসিয়ে দেবেন কোস্টা রিকাকে? তাহলে কেইলর নাভাস, মিচেল উমানারা কি চেয়ে চেয়ে সেই ধসে যাওয়ার সাক্ষী হবেন? নাকি নেদারল্যান্ডস-কোস্টা রিকার লড়াইয়ের মোড়কে এই ছোট ছোট লড়াইগুলোও হয়ে উঠবে জমজমাট?

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 08:28 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

রবিন ফন পের্সি বনাম কেইলর নাভাস

কোস্টা রিকার স্বপ্নযাত্রায় গোলরক্ষক কেইলর নাভাসের যে অবদান, এ নিয়ে সংশয় নেই কোনো। অবিশ্বাস্যসব সেভ করেছেন ম্যাচের পর ম্যাচ, আর সর্বশেষ খেলায় গ্রিসের বিপক্ষে তো তিনিই টাইব্রেকার-বীরত্বের নায়ক। কিন্তু ওই খেলার পর থেকেই নাকি নাভাস ভুগছেন কাঁধের চোটে। সুযোগটা নেওয়ার জন্য রবিন ফন পের্সিরা নিশ্চয়ই মুখিয়ে আছে।

স্পেনের বিপক্ষে হেড থেকে রূপকথার মতো গোল করেছিলেন ডাচ ফরোয়ার্ড পের্সি, ওই ম্যাচে তিনি করেন জোড়া গোল। কিন্তু পরের ম্যাচগুলোতে ফন পের্সির সেই সর্বজয়ী চেহারা দেখা যায়নি। নাভাসের বিপক্ষে আজ তার স্বরূপে ফেরাটা দলের জন্যই জরুরি।

আরিয়েন রবেন বনাম মিচেল উমানা

ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন আরিয়েন রবেন। এটকু বললে আসলে কিছুই বলা হয় না। নিজে যেমন বলেছেন ‘একটা মিশনে আছি’, সেই কথাটিই সত্য। ২০১০ বিশ্বকাপ ফাইনালে হারের প্রতিশোধ নেয়ার মিশনে কী দুরন্তভাবেই না এগিয়ে যাচ্ছেন তিনি! টুর্নামেন্টের চার ম্যাচে প্রতিপক্ষ দলগুলোর প্রায় সব ডিফেন্ডারকে নাকানি-চুবানি খাইয়ে!

কোয়ার্টার-ফাইনালে তাকে থামানোর চ্যালেঞ্জ মিচেল উমানার। কোস্টা রিকার এই ডিফেন্ডারও আছে ক্যারিয়ার-সেরা ফর্মে। বয়স ৩১ বছর হয়ে গেছে। গতি হারালেও অভিজ্ঞতা দিয়ে সেটি আড়াল করছেন দারুণভাবে। আর রবেনের সঙ্গে হয়তো ক্যারিয়ারের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জে নামতে হবে উমানাকে। সেখানে তাঁর জয় মানেই তো কোস্টা রিকাকে জয়ের পথে এগিয়ে দেওয়া। টুর্নামেন্ট-সেরা পুরস্কারের দৌড়ে থাকা রবেনের বিপক্ষে তা কি করতে পারবেন উমানা?

ভেসলি স্নেইডার বনাম জিয়ানকারলো গনসালেস

স্পেনের বিপক্ষে আরিয়েন রবেন-রবিন ফন পের্সিরা ছিলেন তুখোড় ফর্মে। তুলনায় ভেসলি স্নেইডার যেন কিছুটা নিষ্প্রভ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জ্বলে উঠলেন তিনিও। মেক্সিকোর বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সমতাসূচক গোলে দলকে কোয়ার্টার-ফাইনালে পথ দেখালেন তো স্নেইডারই।

এই ডাচ মিডফিল্ডারকে আজ কড়া পাহাড়ায় রাখার চ্যালেঞ্জ জিয়ানকারলো গনসালেসের। শক্তি, টেকনিক ও হার না মানার মানসিকতায় ইতালির মারিও বালোতেল্লি ও উরুগুয়ের এদিনসন কাভানিকে তিনি ‘পকেটে পুরে’ রেখেছিলেন। আজ স্নেইডারের ক্ষেত্রে সেটি যদি গনসালেস করতে পারেন, ডাচ দলের আক্রমণের ধার কমে যাবে অনেকখানি। কেননা ফন পের্সি-রবেনকে বলের যোগান দেওয়ার মূল দায়িত্বটা তো স্নেইডারেরই।

ব্রুনো মার্টিন্স বনাম ব্রায়ান রুইস

টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই গোল ব্রায়ান রুইসের। কোস্টা রিকার এই প্লে-মেকার যেমন আক্রমণের সূচনা করতে পারেন, তেমনি পারেন গোল দিয়ে সেটির উপসংহার টানতেও। তা বক্সের বাইরে থেকে নেওয়া শটে হোক কিংবা বক্সের ভেতর থেকে নেওয়া হেডে।

ব্রুনো মার্টিন্সের চ্যালেঞ্জ পেরিয়ে নিজের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ রুইসের। অসুস্থতা কাটিয়ে মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মার্টিন্স ফিরেছেন। ভীষণ শক্তিশালী এই ডিফেন্ডারের সঙ্গে পেরে ওঠাটা কঠিনই হবে কোস্টা রিকার প্লে-মেকারের জন্য।

রুন ভ্লার বনাম হোয়েল কাম্পবেল

প্রথম দুই ম্যাচে যতটা ধারালো ছিলেন হোয়েল কাম্পবেল, শেষ দুই খেলায় ততটা না। আবার স্বরূপে ফেরার জন্য বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের চেয়ে বড় উপলক্ষ কোথায় পাবেন তিনি!

ডিফেন্সের মাঝ বরাবর থ্রু বল কিংবা এক প্রান্ত থেকে অন্য প্রান্তের কোনাকুনি বলের বিপক্ষে দুর্বলতার প্রমাণ রেখেছে নেদারল্যান্ডস। ঘণ্টাপ্রতি ৩১.০৭ কিলোমিটার দৌড়ের গতি এবং চার ম্যাচে বল পায়ে ১১টি ‘সলো রান’-এর রেকর্ড যার, সেই কাম্পবেল তো ডাচদের দুর্বলতার সুযোগ নিতে চাইবেনই। এই কোস্টা রিকার ফরোয়ার্ডকে মার্কিংয়ের দায়িত্ব থাকবে রুন ভ্লারের। ৩৬ ক্লিয়ারেন্স, ৭ ইন্টারসেপশন ও ৯০ শতাংশ পাসিং অ্যাকুরেসির অভিজ্ঞ এই ডিফেন্ডারকে বোকা বানানোটা সহজ হবে না কাম্পবেলের জন্য।