রক্ষণাত্মক খেলার সাফাই জার্মান কোচের
রক্ষণাত্মক খেলে জার্মানির কষ্টকর জয়; তবুও খুশি দলটির কোচ ইওয়াখিম লুভ।
শুক্রবার মাটস হুমেলসের একমাত্র গোলে ফ্রান্সকে হারিয়ে প্রথম দেশ হিসেবে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের শেষ চারে পৌঁছেছে তিনবারের চ্যাম্পিয়নরা। রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামের এই ম্যাচে দুই দলই খেলেছে মাঝমাঠ কেন্দ্রিক এলোমেলো ফুটবল। ফলে নিশ্চিত গোলের সুযোগও কম তৈরি হয়েছে। তাতে কি? লুভের কণ্ঠে শেষ চারের টিকেট পাওয়ার সন্তুষ্টি।
“আমার মতে, আজ (শুক্রবার) উভয় দলই রক্ষণাত্মক ভঙ্গিমার ভালো ফুটবল খেলেছে। ম্যাচে গোল করার খুব বেশি সুযোগ ছিল না, আর এটা আমাদের পরিকল্পনার একটা অংশ ছিল।”
প্রথম দুই ম্যাচে ৮ গোল করা ফ্রান্সের আক্রমণভাগ নিয়ে যেন কিছুটা ভয়ই ছিল লুভের মনে। তার পরের কথাতেই সেটার আভাস মেলে।
“ফ্রান্সের মেধাবী কিছু স্ট্রাইকার থাকায় আমরা তাদের কোনো সুযোগ দিতে চাইনি।”
ফরাসিদের আক্রমণ শুরুতেই শেষ করে দেওয়ার পরিকল্পনা ছিল বলে জানান লুভ।
প্রতিপক্ষও যে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেছে তা বোঝাতে জার্মান কোচ লুভ ফরাসি দুই মিডফিল্ডার পল পগবা ও ইয়োহান কাবাইয়ের অধিকাংশ সময় নিজেদের রক্ষণ সামলানোর উদাহরণ তুলে ধরেন।
আক্রমণ কম কিংবা নিশ্চিত সুযোগের অভাব থাকলেও ত্রয়োদশ মিনিটেই এগিয়ে যায় তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। বাঁ দিক থেকে টনি ক্রুসের ফ্রি-কিকে হুমেলসের হেডে ক্রসবারের নিচের দিকে লেগে বল জালে জড়ায়।
পিছিয়ে পড়ার পর বিশেষ করে শেষ দিকে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। অনেকগুলো সুযোগও তৈরি করে তারা। তবে তাদের অসংখ্য আক্রমণ ঠেকিয়ে জার্মানির আশা বাঁচিয়ে রাখেন গোলরক্ষক মানুয়েল নয়ার। সঙ্গে দুই ডিফেন্ডার মাটস হুমেলস ও জেরম বোয়াটেংয়ের অবদানও ছিল অনস্বীকার্য।
