২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো ‘শত্রু’ মেসিকে আটকাতে চান কর্তোয়া

তিন বছর ধরে একই লিগে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে লিওনেল মেসিকে আটকাতে চান বেলজিয়ামের গোলরক্ষক থিবো কর্তোয়া। শনিবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে তার দল বেলজিয়াম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 04:49 AM

Updated : 13 Oct 2022, 12:19 PM

চেলসির খেলোয়াড় হলেও গত তিন বছর ধরে ধারে আতলেতিকো মাদ্রিদে খেলেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কর্তোয়া। তাই বার্সেলোনার সবচেয়ে বড় তারকা মেসির বিপক্ষে বেশ কবার খেলার অভিজ্ঞতা হয়েছে ২২ বছর বয়সী কর্তোয়ার।

পরিচিত প্রতিপক্ষের বিপক্ষে এবার জাতীয় দলের জার্সিতে খেলার অপেক্ষায় কর্তোয়া বলেন, “বার্সেলোনার বিপক্ষে আতলেতিকোর ম্যাচ থেকে তাকে (মেসি) ভালোভাবেই চিনি আমি। তাই দেশের হয়ে তার বিপক্ষে খেলাটা দারুণ হবে।”

গত মৌসুমে বার্সেলোনা ও আতলেতিকো মোট ছয়বার মুখোমুখি হয়। ওই ছয়টি ম্যাচসহ আতলেতিকোর করতোয়ার বিপক্ষে গত সাত ম্যাচে গোল করতে পারেননি টানা চারবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় মেসি। গত অগাস্টে স্প্যানিশ সুপার কাপের ফিরতি লেগে কর্তোয়ার বিপক্ষে একটি পেনাল্টিও মিস করেন মেসি, মেসির ওই স্পট কিকটি ক্রসবারে বাধা পায়।

তবে যেভাবেই হোক টানা সাত ম্যাচ ধরে মেসিকে আটকে রাখার ধারাবাহিকতাটা ব্রাজিলিয়াতেও ধরে রাখতে চান কর্তোয়া। এখানেই দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলবে এবারের আসরের ‘কালো ঘোড়া’ বেলজিয়াম।

ইএসপিএনকে বেলজিয়াম গোলরক্ষক বলেন, “আশা করি, আমরা জিতব, দেখি কি হয়। ভালো দিক হলো তার ভিডিও আমাকে আর দেখতে হবে না, কারণ আমি তাকে খুব ভালোভাবেই জানি।”

তবে মেসিকে চেনার সুবিধা কতটা কাজে আসবে তা নিয়েও সন্দেহ আছে কর্তোয়ার। তিনি জানান, মেসি কখন কি করতে যাচ্ছে তা বুঝতে পারাটা নাকি অসম্ভব।