মেসির জবাব বেলজিয়ামের হ্যাজার্ড?
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ, স্বাভাবিক কারণেই বেলজিয়াম দলের সংবাদ সম্মেলনে প্রশ্নটি উঠল-লিওনেল মেসিকে নিয়ে পরিকল্পনা কি? দলটির ফরোয়ার্ড কেভিন মিরালাস জানালেন আর্জেন্টিনার যেমন মেসি আছেন, তাদেরও তেমন আছেন এডেন হ্যাজার্ড।
ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ার স্তাদিও নাসিওনালে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে বেলজিয়াম। এর আগে মেসিকে নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান দলটির খেলোয়াড়রা।
ফরোয়ার্ড মিরালাস তো হ্যাজার্ডকে দিয়ে মেসির জবাব দেয়ার কথাই জানিয়ে দিলেন।
“এই যে, আমাদের এডেন আছে। আপনি ওকে মেসি বা রোনালদোর সঙ্গে তুলনা করতে পারবেন না। কিন্তু সেও বিশেষ একজন।”
এর আগে হ্যাজার্ড বলেছিলেন, আর্জেন্টিনাকে হারাতে হলে মেসিকে যে কোনোভাবে আটকে রাখতে হবে। ডিফেন্ডার ইয়ান ভার্টোনেনের সঙ্গে একমত। মেসিকে আটকানোর একটা পরিকল্পনার কথাও জানান তিনি।
“আমাদের এক দল হয়ে খেলতে হবে। মেসি যদি আমাদের একজনকে কাটিয়ে যায়, তাহলে অবশ্যই দ্বিতীয় এবং তৃতীয় কাউকে থাকে থামানোর জন্য তৈরি থাকতে হবে।”
নিজেদের কঠিন এক প্রতিপক্ষই মনে করেন ভার্টোনেন।
এই বিশ্বকাপে আর্জেন্টিনার আগের চারটি ম্যাচ দেখে মিডফিল্ডার আক্সেল উইটসেলের মনে হয়েছে, খুব ভালো মেসিরা খেলতে পারেননি। আর এ কারণেই শেষ আটের বৈতরণী পার হয়ে সেমি-ফাইনালের স্বপ্ন দেখছে বেলজিয়াম।
