২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের স্বপ্ন রোনালদোর

অনেকেই স্বপ্নটা দেখেন-বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল হবে। অন্য অনেকের মতো তিনি নন। তবে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোও এই স্বপ্নটা দেখছেন। বৃহস্পতিবার রিও দে জেনেইরোতে সাংবাদিকদের এই স্বপ্নের কথা বলেন ২০০২-এর বিশ্বকাপ জয়ী তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 06:08 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

ফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা এখনো আছে ব্রাজিল-আর্জেন্টিনার। শুক্রবার ফরতালেজায় কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে খেলবে ব্রাজিল। শনিবার একই পর্যায়ে ব্রাজিলিয়ায় আর্জেন্টিনা খেলবে বেলজিয়ামের বিপক্ষে।

কোয়ার্টার-ফাইনাল জিতলেও নেইমার ও মেসির দল সেমি-ফাইনালে মুখোমুখি হবে না। দুটি দলই সেমি-ফাইনালের বাধা পেরোতে পারলেই আসবে স্বপ্নের সেই ফাইনাল।

রোনালদোর দৃষ্টিতে জার্মানি ভালো খেলছে। ইউরোপীয় এই ফুটবল পরাশক্তির শিরোপা জয়েরও সম্ভাবনা আছে বলে মনে করেন তিনি। তবে মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের (১৫ গোল) মালিক রোনালদো এরপরও স্বপ্নের ফাইনালই দেখতে চান।

"আমি ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে বিশ্বকাপ ফাইনালের স্বপ্ন দেখছি। যদিও আমার মনে হয়, জার্মানি ভালো খেলছে এবং শিরোপা জয়ের জন্য বড় ফেভারিট তারা।"

ব্রাজিলের ফাইনালে ওঠারও একটি হিসেব দিয়ে রাখলেন রোনালদো, "জার্মানি যদি ফ্রান্সকে হারায় এবং ব্রাজিল কলম্বিয়াকে হারায় তাহলে জার্মানির বিপক্ষে ব্রাজিলের সেমি-ফাইনাল জয়ের সম্ভাবনা থাকবে।"

বিশ্বকাপে এর আগে চার বার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা; এর মধ্যে নকআউট পর্বে একবার। ১৯৯০ সালে শেষ ষোলোতে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল দিয়োগো মারাদোনার আর্জেন্টিনা।