২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অচেনা' ব্রাজিলের সামনে দৃপ্ত কলম্বিয়া

ছবির মতো চোখ জুড়ানো ফুটবল খেলছে দলটি। পক্ষ, প্রতিপক্ষ, নিরপেক্ষ-সবার মন জয় করে চার ম্যাচে জিতেছে চারটিতেই। তাদের করা ১১ গোলের চেয়ে বেশি গোল চলতি বিশ্বকাপের আর মাত্র এক দলের। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড় আলো ছড়িয়েছেন এই দলের জার্সিতে। আসরের অন্যতম দৃষ্টিনন্দন গোলটিও তাদের খেলোয়াড়ের পা থেকে আসা। মানতে কষ্ট হলেও কিন্তু সত্যি, দলটি ব্রাজিল না, বরং তার প্রতিপক্ষ কলম্বিয়া!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 03:13 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

ব্রাজিলের ফুটবল সমর্থকদের মন ভরায়নি, না সৌন্দর্যে, না কার্যকারিতায়। চার ম্যাচের মধ্যে জয় দুটিতে, অন্য দুটি ড্র। হ্যাঁ, শেষ ম্যাচ তারা জিতেছে বটে, কিন্তু তা টাইব্রেকারে পাওয়া বলে রেকর্ড বইতে তো ড্র-ই লেখা থাকবে। দলীয়ভাবে তারা গোল দিয়েছে আটটি, এর চেয়ে বেশি গোলের অনেক দল আছে ২০১৪ বিশ্বকাপে।

ফরতালেজার আরেনা কাস্তেলাওয়ে শুক্রবার বাংলাদেশ সময় রাত দুইটায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বদলে যাওয়া দল দুটি। সেখানে সত্যিকারের ব্রাজিলকে লড়তে হবে ধ্রুপদী ব্রাজিলের ঝলক দেখানো কলম্বিয়ার বিপক্ষে।

তবে খেলার ধরণ নয়, ব্রাজিলের কোচ, খেলোয়াড়, দর্শক, সমর্থক সবার চিন্তায় এখন যেকোনো ভাবে বিশ্বকাপ জয়। সেই পথে বাধা হয়ে থাকা কলম্বিয়াকে সরিয়ে মারাকানার ফাইনালের আরেকটু কাছাকাছি হতে মরিয়া স্বাগতিকরা।

কিন্তু চিলির বিপক্ষে সর্বশেষ ম্যাচের পর ব্রাজিল-কোচের চিন্তিত না হয়ে উপায় নেই। কলম্বিয়ার মুখোমুখি হওয়ার আগে কোচ লুইস ফেলিপে স্কলারি তাই দলের খেলায় উন্নতির প্রয়োজনীয়তার কথা বলেছেন খোলাখুলি, “অবশ্যই চিলির বিপক্ষে আমরা খুব ভালো খেলতে পারিনি। যেসব জায়গায় সমস্যা হয়েছিল, সেগুলো নিয়ে কাজ করেছি। মাঝেমধ্যে জ্বলে ওঠার পরিবর্তে পুরো ম্যাচ যেন এক ছন্দে খেলতে পারি, সেটি এখন আমাদের লক্ষ্য।”

ওই লক্ষ্য পূরণে বড় বাধা হয়ে উঠতে পারেন হামেস রদ্রিগেস। পাঁচ গোল করে ২০১৪ বিশ্বকাপে তারকা খ্যাতি পেয়েছেন। স্কলারি কিন্তু শুধু এই একজনকে নিয়ে চিন্তিত নন, “শুধু হামেসকে ঠেকানোর চিন্তা করে লাভ নেই। আমাদের ভাবতে হবে কিভাবে পুরো কলম্বিয়া দলকে থামানো যায়। সহজ ছন্দে সুন্দর ফুটবল খেলে ওরা। একদম ঠাণ্ডা মাথায় এবং একটি কাঠামোর ভেতর থেকে।”

তাদের ঠেকানোর উপায় খুঁজছেন স্কলারি। দলের সেরা তারকা নেইমারের ইনজুরি নিয়ে দুশ্চিন্তা ছিল। সেটি কেটে গেছে। কিন্তু দুই হলুদ কার্ডের কারণে লুইজ গুস্তাভো যে খেলছেন না, সেটি? ডিফেন্সিভ মিডফিল্ডে তাঁর বিকল্প খুঁজতে গিয়ে কোচের চিন্তায় পড়ার কথাই। হয়তো ফের্নান্দিনিয়ো বা রামিরেসকেই খেলাতে হবে ওই জায়গায়। জায়গা সঙ্কুচিত করে রদ্রিগেসকে পাস দেয়ার পথটা বিচ্ছিন্ন করে দেওয়াই হবে তাদের মূল চ্যালেঞ্জ।

চিলির বিপক্ষে স্নায়ুক্ষয়ী টাইব্রেকারের ধকল সামলানোর জন্য মনোবিদ পর্যন্ত ডাকতে হয়েছে স্কলারিকে। সেখানে কলম্বিয়া শিবিরে ফুরফুরে ভাব। গ্রুপ পর্বের তিন ম্যাচের পর শেষ ষোলোতেও জয় পেয়েছে তারা স্বাচ্ছন্দ্যে। হোসে পেকারমানের শিষ্যদের মধ্যে পাঁচ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে রদ্রিগেস। আর গোলে সহায়তার তালিকায় হুয়ান কাদরাদো সবার উপরে, চারটি গোল হয়েছে তাঁর পাস থেকে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে এই কাদরাদোর বড় ভরসা ১০ নম্বর জার্সির সতীর্থ, “হামেস দুর্দান্ত ফুটবলার। ব্রাজিলিয়ানরা যে ধরনের ফুটবলারকে বলে ফেনোমেনন, ও ঠিক তাই। যে কোনো মুহূর্তে বিস্ময়কর কিছু করে ফেলার সামর্থ্য আছে।”

কলম্বিয়া তাই যেমন আজ নেইমারকে আটকানোর জন্য আলাদা অঙ্ক কষবে, ব্রাজিলও তেমনি নিশ্চিতভাবে কৌশল আঁটবে রদ্রিগেসকে থামানোর।

বর্তমানের হাওয়াটা হয়তো ঠিক ব্রাজিলের পক্ষে নেই। অতীত কিন্তু তাদেরই। কলম্বিয়ার সঙ্গে এখন পর্যন্ত ২৫ মুখোমুখি লড়াইতে ‘সেলেসাও’দের জয় ১৫ ম্যাচে, হার মাত্র দুটিতে। এর সর্বশেষটি সেই ১৯৯১ সালে, রদ্রিগেসের যখন জন্মই হয়নি। আর দেশের মাটিতে ১৯৭৫ সালের পর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ না হারার রেকর্ডও ব্রাজিলের আত্মবিশ্বাসের সলতে উসকে দেবে নিশ্চয়ই। কলম্বিয়ার বিপক্ষে ৫৫ গোল দিয়ে মাত্র ১১ গোল খাওয়ার পরিসংখ্যান মনে করিয়ে শিষ্যদের তাতিয়ে দিতে নিশ্চয়ই ভুলবেন না ‘বিগ ফিল’।

‘লস কাফেতেরস’দের জন্য তাই ‘সেলেসাও’দের হারানোটা বেশ কঠিন হব ; যতই তারা খেলুক ব্রাজিলের মতো!