ফ্রান্স-জার্মানি আরেকটি মহারণ?
ইতিহাসের চক্রে কোন গোলকধাঁধায় যে পড়ে গেল জার্মানি! ২০১৪ বিশ্বকাপে কিছুতেই তারা বেরোতে পারছে না ১৯৮২ আসরের ‘কলঙ্কিত’ ছায়া থেকে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ আর আলজেরিয়ার বিপক্ষে নকআউট পর্বের প্রথম ম্যাচের পর ফ্রান্সের বিপক্ষে হতে যাওয়া কোয়ার্টার-ফাইনাল - টানা তিন খেলায় জার্মানদের সঙ্গে জড়িয়ে যাচ্ছে ৩২ বছর আগের সেই টুর্নামেন্ট! সেখানকার কলঙ্কিত যত কাণ্ডকীর্তি!
রিও দে জেনেইরোর মারাকানায় শুক্রবার বাংলাদেশ সময় রাত দশটায় বেজে উঠবে জার্মানি-ফ্রান্স কোয়ার্টার-ফাইনাল শুরুর বাঁশি। যেটি শেষ আটের চার দ্বৈরথের মধ্যে নিঃসন্দেহে কাগজ-কলমে সবচেয়ে আকর্ষণীয়; যার আবহে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ’৮২-র সেমিফাইনাল। তাতে শেষ পর্যন্ত জার্মানি জিতেছিল বটে, কিন্তু তা একেবারে নিষ্কলুষ ছিল না।
যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে ’৮২ ফিরে ফিরে আসছিল জার্মানি-অস্ট্রিয়ার ‘সমাঝোতা’র ম্যাচের কারণে। যেখানে ১-০ গোলে জার্মানদের জয়ে এই দুটি দলই উঠে যায় দ্বিতীয় রাউন্ডে। ফ্রান্সের বিপক্ষে জার্মানদের লড়াইয়ের আবহে ৩২ বছর আগে ফেরার কারণ সেটি নয়। কারণটি আক্ষরিক অর্থেই ‘লড়াই’। জার্মান গোলরক্ষক টনি শুমাখার গোলমুখে ধেয়ে ফ্রান্সের পাত্রিক বাতিস্তনকে শুধু চার্জই করেননি, তাঁর দুটো দাঁত ভেঙেছেন। অজ্ঞান হয়ে যাওয়া বাতিস্তনের পাঁজরের তিনটি হাড়ে চিড় ধরে; মাঠ থেকে সরাসরি হাসপাতালে নিতে হয় তাকে। অথচ রেফারি শুমাখারের বিপক্ষে কোনো ফাউল দেননি! নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতার পর অতিরিক্ত সময়ে ফ্রান্সের ৩-১ গোলে এগিয়ে গিয়েও স্কোরলাইন ৩-৩ হয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত টাইব্রেকারে সেই শুমাখারের গ্লাভস হাতে বিজয়ী বীর বনে যাওয়ার জ্বালা তাই জুড়োয়নি ফ্রান্সের। চার বছর পর ১৯৮৬ বিশ্বকাপের সেমি-ফাইনালে সুযোগ পেয়েও হয়নি প্রতিশোধ নেওয়া।
আজ এত বছর পর আবার তাদের সামনে সুযোগ। সুযোগটা নিয়ে প্লাতিনি-তিগানা-জিরেসদের সেই সোনালী প্রজন্মের সঙ্গে বাতিস্তনের হয়েও কি প্রতিশোধ নিতে পারবে এখনকার ফ্রান্স দল?
আশা কিন্তু আছে। আশা আছে, এই টুর্নামেন্টে তাদের বিস্ময়কর উত্থানে, ২০১০-এর ন্যাক্কারজনক স্মৃতি ভুলিয়ে দেওয়ার মতো পারফরম্যান্সে। সঙ্গে আশার ঘুড়ি স্বপ্নের আকাশের আরো উপরে উঠে যাচ্ছে জার্মানির বিপক্ষে তাদের সাম্প্রতিক লড়াইয়ের ফলে। ১৯৮৭ সালের পর যে সাত বার জার্মানির মুখোমুখি হয়েছে ফ্রান্স, এর মধ্যে হার কেবল একটিতে। গত বছর ওই প্রীতি ম্যাচে হারের আগে ‘লা ব্লুজ’ জিতেছে পাঁচ ম্যাচ।
ফ্রান্স কোচ দিদিয়ে দেশম কিন্তু ওই ফুরফুরে আত্মবিশ্বাসের ভেলায় ভেসে বেড়াচ্ছেন না। আগের বিশ্বকাপ লড়াইয়ের স্মৃতি টেনে আনাতেও বড্ড অনীহা তার, “তখন আমার দলের খেলোয়াড়দের জন্ম হয়নি। তাহলে এসব নিয়ে কথা বলার মানে কী! আর আমরা কিছুতেই আমাদের আত্মবিশ্বাসকে আত্মম্ভরিতায় রূপান্তরিত হতে দিতে পারি না। খেলোয়াড়দের স্বপ্ন দেখার অধিকার আছে, তবে আমি বাস্তববাদী মানুষ। সেই বাস্তবতা বলছে যে, গত কয়েকটি টুর্নামেন্টে আমাদের চেয়ে জার্মানদের ফলাফল ভালো।”
চলতি আসরেও যে জার্মানরা খারাপ করেছে, তা না। তবে প্রথম ম্যাচে পর্তুগালকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর যেমন অদম্য গতিতে তাদের এগোনের প্রতিশ্রুতি ছিল, তেমনটা হয়নি, এই যা। ঘানার সঙ্গে ড্র, যুক্তরাষ্ট্রের বিপক্ষে সাদামাটা জয়ের পর দ্বিতীয় রাউন্ডে আলজেরিয়াকে হারাতে ঘাম ছুটে গেছে তাদের। নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত ৩০ মিনিট লেগেছে। যে কারণে ফ্রান্সের বিপক্ষে উন্নতির বিকল্প দেখছেন না কোচ ইওয়াখিম লুভ, “বিশ্বকাপের মতো টুর্নামেন্টে সবসময় আপনি চোখ ধাঁধানো ফুটবল খেলতে পারবেন না। কখনো কখনো কোনোমতে বাধা টপকাতে হয়। আলজেরিয়ার বিপক্ষে আমাদের সেটি হয়েছে। এখন ফ্রান্সের বিপক্ষে খেলায় অবশ্যই উন্নতি করতে হবে।”
ম্যাচের আগে জার্মান শিবিরে অবশ্য ভিন্ন এক কারণে দুশ্চিন্তার কালো মেঘ। তাদের সাত জন ফুটবলার জ্বরে আক্রান্ত বলে খবর এসেছে গণমাধ্যমে। যার মধ্যে আছেন এই বিশ্বকাপে দলের সর্বোচ্চ গোলদাতা ও অন্যতম সেরা ফুটবলার টমাস মুলারও। ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে যা নিশ্চিতভাবেই আদর্শ প্রস্তুতির অন্তরায়।
যদি এই হ্যাপা সামলে প্রথম একাদশ নামাতে পারে জার্মানি, তাহলে আরেকটি ধ্রুপদী দ্বৈরথের প্রত্যাশায় বাড়াবাড়ি নেই খুব। এক দিকে মুলার-ওজিল-শোয়াইনস্টাইগার-লাম-নয়ার-ক্রুস, অন্য দিকে বেনজেমা-ভালবুয়েনা-পগবা-মাতুইদি-ভারানে। আরেকটি জার্মানি-ফ্রান্স মহারণ তো মারাকানায় মঞ্চস্থ হতেই পারে!
