সাফল্য ক্ষুধা মেটেনি কোস্টা রিকার
গ্রুপ পর্বে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে ও ইতালি এবং দ্বিতীয় রাউন্ডে গ্রিসকে হারানো কোস্টা রিকার সামনে এবার শক্তিশালী নেদারল্যান্ডস। তবে গতবারের রানার্সআপদের মুখোমুখি হওয়ার আগে ভীত নয় মধ্য আমেরিকার দলটি। বরং ডাচদের হারিয়ে বিশ্বকাপে আরো চমক দেখাতে চায় তারা।
প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে উঠে ইতোমধ্যে ইতিহাস গড়েছে কোস্টা রিকার এই দলটি। তবে তাদের সাফল্যক্ষুধা একটুও কমেনি। দলটির মিডফিল্ডার সেলসো বোর্হেস জানালেন, তাদের অর্জনের এখনও অনেককিছু বাকি আছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে বোর্হেস বলেন, “এই বিশ্বকাপে ভিন্ন রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি আমরা। এবার আরেকটি উপলক্ষ আমাদের আরো বেশি ঐক্যবদ্ধ হওয়ার।”
“এই দলটির ক্ষুধা আগের মতোই আছে। এখনও আমরা উচ্চাকাঙ্ক্ষী। আমাদের উচ্চাকাঙ্ক্ষা এখনও শেষ হয়ে যায়নি আর এটাই গুরুত্বপূর্ণ,” যোগ করেন তিনি।
শুক্রবার সালভাদরে শেষ চারে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও কোস্টা রিকা।
