বিশ্বকাপ বলেই ভয় ফ্রান্সের!
মুখোমুখি লড়াইয়ে জার্মানির চেয়ে এগিয়ে ফ্রান্স। নব্বইয়ের দশক থেকে জার্মানির ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছে ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জার্মানির বিপক্ষে একটা ভয়ও আছে ফ্রান্সের। ম্যাচটি যে বিশ্বকাপে!
বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে জার্মানি ফ্রান্সের চেয়ে এগিয়ে। এর আগে বিশ্বকাপে তিনবার দেখা হয়েছে দুই দলের। ১৯৮২ ও ১৯৮৬ বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকেই ফ্রান্সকে বিদায় করেছে জার্মানি। তবে ১৯৫৮ বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পেয়েছিল ফ্রান্স।
কোয়ার্টার-ফাইনালে ফ্রান্স-জার্মানি ম্যাচের আরো কিছু তথ্য:
স্টেডিয়াম: মারাকানা স্টেডিয়াম, রিও দে জেনেইরো
ধারণক্ষমতা: ৭৪ হাজার ৭৩৮
ম্যাচ শুরু: শুক্রবার রাত ১০টা (বাংলাদেশ সময়)
রেফারি: নেস্তর পিতানা (আর্জেন্টিনা)
# মুখোমুখি লড়াইয়ে জার্মানির চেয়ে এগিয়ে ফ্রান্স। জার্মানির (এবং পশ্চিম জার্মানি) বিপক্ষে ১৯৩১ সাল থেকে এ পর্যন্ত ২৫ বার মুখোমুখি লড়াইয়ে ১১টি জয় পেয়েছে ফ্রান্স, জার্মানি জিতেছে ৯টি।
# তিন বার বিশ্বকাপ জিতেছে জার্মানি। ফ্রান্স বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে একবার, ১৯৯৮ সালে দেশের মাটিতে।
# ১৯৮৭ সালের পর ৭ বারের সাক্ষাতে জার্মানির কাছে ফ্রান্স মাত্র একবারই হেরেছে। গত বছর প্রীতি ম্যাচ হারের আগে ফ্রান্স ৫টি ম্যাচ জিতেছে।
