২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবারসঙ্গে সাফল্য মন্ত্র?

বিশ্বকাপে ফুটবলারদের প্রেরণা যোগাতে স্ত্রী অথবা প্রেমিকার ঘনিষ্ঠ সাহচর্যের ভূমিকা কম নয়। ব্রাজিল বিশ্বকাপ কি এর প্রমাণ দিল?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 06:07 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠা বেশিরভাগ দেশের খেলোয়াড়রা বউ বা প্রেমিকার সঙ্গে রাত কাটাতে পেরেছেন। আর যে দলগুলোয় প্রিয়জনের সঙ্গে যৌন সম্পর্কের ক্ষেত্রে খেলোয়াড়দের ওপর নিষেধাজ্ঞা ছিল, তারা তেমন সাফল্য পায়নি।

মেইল অনলাইন জানিয়েছে, কোয়ার্টার-ফাইনালে ওঠা নেদারল্যান্ডস, জার্মানি, ব্রাজিল, কোস্টা রিকা দলে বউ বা প্রেমিকাদের সঙ্গে যৌন সম্পর্কের ক্ষেত্রে খেলোয়াড়দের ওপর কোনো বাধা ছিল না।

আর এ নিয়ে নিষেধাজ্ঞা ছিল যেসব দলে, তাদের একটিও শেষ ষোলোর গণ্ডি পার হতে পারেনি।

জার্মানি ও নেদারল্যান্ডসের কোচরা খেলোয়াড়দের প্রিয়জনদের দলের সঙ্গে হোটেল কক্ষে থাকতে দিয়েছেন।

Image
মাঠে মেসি, গ্যালারির ১০ নম্বর জার্সি তার প্রেমিকা আন্তোনেল্লা রোকুস্সো। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মেসিকে প্রেরণা দিচ্ছেন তিনি।

মাঠে মেসি, গ্যালারির ১০ নম্বর জার্সি তার প্রেমিকা আন্তোনেল্লা রোকুস্সো। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মেসিকে প্রেরণা দিচ্ছেন তিনি।

ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারি অবশ্য কিছুটা রাশ টেনে ধরেছেন বিষয়টিতে। বিষয়টি অবাধ রাখলেও কেউ যেন আবার যৌনাচারে উন্মত্ত হতে না পারে, এটা লক্ষ্য রাখছেন 'বিগ ফিল'।

ফ্রান্স ও কোস্টা রিকা দলেও এ নিয়ে কঠিন নিয়ম থাকলেও তা নিষিদ্ধ করা হয়নি।

সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও উরুগুয়েকে হারিয়ে শেষ ষোলোতে ওঠে কোস্টা রিকা। বিস্ময় উপহার দিয়ে কোস্টা রিকা শেষ ষোলোর বাধা পেরিয়ে এখন কোয়ার্টার-ফাইনালেও জায়গা করে নিয়েছে। কোচ হোর্হে লুইস পিন্তো তাই তার দলের খেলোয়াড়দের বউ-বান্ধবীদের সঙ্গে সম্পর্কটা অবাধই রাখতে দিয়েছেন।

Image
অনুশীলনের ফাঁকে স্ত্রীর কোলে থাকা মেয়েকে আদর করছেন ফন পের্সি। ছবি: রয়টার্স

অনুশীলনের ফাঁকে স্ত্রীর কোলে থাকা মেয়েকে আদর করছেন ফন পের্সি। ছবি: রয়টার্স

তবে এ বিষয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠা বাকি তিন দল আর্জেন্টিনা, বেলজিয়াম ও কলম্বিয়া দলের উপাত্ত পাওয়া যায়নি।

কোয়ার্টার-ফাইনালে না উঠতে পারা চিলি ও মেক্সিকোর খেলোয়াড়রা স্ত্রীর সঙ্গে রাত কাটাতে পারেনি।

যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, উরুগুয়ে ও নাইজেরিয়ার খেলোয়াড়রা স্ত্রী ও প্রেমিকাদের ঘনিষ্ঠ সাহচর্য পেয়েছেন। এদের প্রত্যেকেই শেষ ষোলোতে উঠেছে।

ব্রাজিলে প্রিয়জনের ঘনিষ্ঠ সান্নিধ্য নিষিদ্ধ ছিল স্পেন, রাশিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা দলে। তাদের কেউই গ্রুপ পর্ব পেরোয়নি।

গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন গ্রুপ পর্বের দুটি ম্যাচ হেরেছে এবার। আর অনেক আশা জাগিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা বসনিয়া একটি মাত্র জয় নিয়ে দেশে ফিরেছে।

তবে ইংল্যান্ডের খেলোয়াড়দের হোটেল কক্ষে বউ-বান্ধবীদের (ওয়াইফ অ্যান্ড গার্লফ্রেন্ড- ওয়াগ) অবাধ বিচরণ থাকলেও তাতে কোনো সাফল্য মেলেনি।

অনেক কোচই মনে করেন, খেলার আগের যৌনক্রিয়া ক্রীড়াবিদদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলে। তবে বিজ্ঞানিদের কোনো গবেষণায় তাদের এ ধারণা প্রমাণিত হয়নি।