ব্রাজিলের বিপক্ষে লড়াইয়ের প্রত্যাশা পেকারমানের
ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের লড়াইটা অনেক রোমাঞ্চকর হবে বলে মনে করেন কলম্বিয়ার কোচ হোসে পেকারমান। তার ধারণা এই ম্যাচে অনেকগুলো গোলও হবে।
আগামী শুক্রবার ফরতালেজায় শেষ চারে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল ও এবারই প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে ওঠা কলম্বিয়া।
অনেকগুলো গোলের ম্যাচের প্রত্যাশায় পেকারমান বলেন, “এই ম্যাচে হয়ত অনেকগুলো গোল হবে আর সেটা ভালোই হবে। এর ফলে মানুষ বিশ্বকাপটা উপভোগ করতে পারবে।”
টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচটি গোল করা হামেস রদ্রিগেসের দেশ কলম্বিয়া গ্রুপ পর্বে দ্বিতীয় সর্বোচ্চ ৯টি গোল করেছে (সবচেয়ে বেশি গোল করে নেদারল্যান্ডস, ১০টি)। দ্বিতীয় রাউন্ডেও ২টি গোল করে কলম্বিয়া। শেষ আটে ওঠার লড়াইয়ে এর চেয়ে বেশি গোল আর কোনো দলই করতে পারেনি।
প্রতিপক্ষের জালে বল পাঠাতে কলম্বিয়ার মতো ব্রাজিল অতটা সফল না হলেও একেবারে তা খারাপও নয়, গ্রুপ পর্বে ৭টি এবং দ্বিতীয় রাউন্ডে ১টি গোল করে তারা। ব্রাজিলের তারকা নেইমার ৪টি গোল করে আছেন ‘গোল্ডেন বুট’ জয়ের দৌড়ে।
তবে ব্রাজিলের বিপক্ষে তাদের আগামী লড়াইটা যতই ‘গোলের ম্যাচ’ হবে বলে পেকারমান মনে করেন, দুই দলের মুখোমুখি লড়াইয়ের সাম্প্রতিক পরিসংখ্যান কিন্তু মোটেও সে আভাস দেয় না। তাদের সর্বশেষ চার ম্যাচই ড্র হয়েছে, যার মধ্যে তিনটিই গোলশূন্য ড্র।
সর্বমোট মুখোমুখি লড়াইয়েও অনেক এগিয়ে ব্রাজিল। এপর্যন্ত ২৫ বারের মুখোমুখি দেখায় ১৫ বার জিতেছে ব্রাজিল, দুইবার কলম্বিয়া, বাকি ৮ ম্যাচ ড্র।
ফুটবল ঐতিহ্যেও এই ম্যাচে নিশ্চিতভাবেই এগিয়ে থাকবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে পেকারমান নিজেদের পিছিয়ে রাখতে রাজি নয়।
৬৪ বছর বয়সী এই কোচ বলেন, “এটা নতুন একটা ম্যাচ, তাই আমরা ফেভারিট নিয়ে কথা বলতে পারি না। এই ম্যাচে উভয় দলই ভালো খেলতে মুখিয়ে থাকবে।”
