শেষ আটে পৌঁছেই খুশি ফ্রান্সের কোচ
শেষ আটে পৌঁছাতে পেরেই খুশি ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম। দেশটির বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক মনে করেন, কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় তার দলের ব্যর্থতা হবে না।
শুক্রবার মারাকানায় শেষ আটের লড়াইয়ে জার্মানির বিপক্ষে লড়বে ফ্রান্স।
ব্রাজিল বিশ্বকাপে দলের অর্জন নিয়ে গর্বিত দেশম। তার বিশ্বাস, শেষ আট থেকে বিদায় নিতে হলেও এটি ফ্রান্সের জন্য সফল টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হবে।
“কোনো ভাবেই আমরা এই বিশ্বকাপে ব্যর্থ হইনি। এটা নিশ্চিত।”
শেষ আটে পৌঁছানো ফ্রান্সের প্রাপ্য বলে মনে করেন দেশম। শিষ্যদের সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন বলে জানান তিনি।
২০১২ সালের জুলাই থেকে ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করা দেশম জানান, রিও দে জেনেইরোর পথে থাকায় আলজেরিয়া ও জার্মানির ম্যাচ তাদের দেখা হয়নি। অতিরিক্ত সময়ে গড়ানো সেই ম্যাচে ২-১ গোলে জেতে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি।
“আমাদের খেলা পাল্টাবে না। জার্মান খেলোয়াড়রা সবাই বড় দলে খেলে। তাদের অনেকেই বায়ার্ন মিউনিখে খেলে। আমাদের খেলোয়াড়রা ওদের চেনে, টেলিভিশনে তাদের দেখেছে।”
