২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার খেলায় মন ভরেনি মারাদোনার

সুইজারল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার-ফাইনালে উঠলেও স্বদেশের খেলায় মন ভরেনি দিয়েগো মারাদোনার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 11:42 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

সুইসদের বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোয় ক্ষুব্ধ ফুটবলের এই কিংবদন্তি।

মঙ্গলবার সাও পাওলোর আরেনা দে সাও পাওলোয় আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচটি নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ও গোলশূন্যভাবেই শেষ হতে যাচ্ছিল। তবে ম্যাচ শেষের দুই মিনিট বাকি থাকতে লিওনেল মেসির দুর্দান্ত পাস থেকে গোল করে জয় নিশ্চিত করেন আনহেল দি মারিয়া।

আর্জেন্টিনাকে শেষ বিশ্বকাপ এনে দেয়া মারাদোনা মনে করেন, বিশ্বকাপে এখনও ঠিকভাবে খেলতে পারছে না আর্জেন্টিনা। তার ধারণা, দলের কিছু খেলোয়াড় প্রতিযোগিতায় এখনও তাদের মানের ফুটবল খেলা শুরুই করতে পারেনি।

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এ পর্যন্ত তাদের সামর্থ্যের মাত্র ৪০ শতাংশ খেলতে পেরেছেন বলে মনে করেন মারাদোনা।

ভেনেজুয়েলার একটি টিভি চ্যানেলকে ৫৩ বছর বয়সী মারাদোনা বলেন, “এখনই আর্জেন্টিনা যদি জেগে না ওঠে তাহলে আমরা কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছি।”

তবে চারবারের বর্ষ সেরা ফুটবলার লিওনেল মেসির পারফরম্যান্সে খুশিই মারাদোনা।

ব্রাজিল বিশ্বকাপে টানা চার ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরষ্কার জেতা মেসি প্রসঙ্গে মারাদোনা বলেন, “ছেলেটা কম-বেশি নিজের মতোই খেলছে। সবকিছু যদি ঠিকমত না হয় তাহলে আর্জেন্টিনার করুণ পরিণতির জন্যে তাকে দোষ দেওয়া আমাদের উচিত হবে না।”