ভেনেজুয়েলার কোচ হতে আগ্রহী মারাদোনা
লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপ না খেলা একমাত্র দেশ ভেনেজুয়েলার কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা।
লাতিন আমেরিকার টেলিভিশন নেটওয়ার্ক ‘তেলেসুর’কে সম্প্রতি মারাদোনা বলেন, “গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বের জন্যে আমি অপেক্ষা করছি।”
আর ভেনেজুয়েলা যদি ভালো কোনো প্রস্তাব দেয় তাহলে তার এই দলটির কোচ হওয়ার সম্ভাবনা আছে বলে জানান মারাদোনা।
ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ভেনেজুয়েলাকে নিয়ে যেতে না পারায় গত নভেম্বরে দলটির কোচের দায়িত্ব ছাড়েন সেজার ফারিয়াস। তারপর থেকেই কোচশূন্য লাতিন আমেরিকার দেশটি।
বিশ্বকাপের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে দেখা করতে দেশটিতে যাওয়ার কথাও জানান আর্জেন্টিনার সাবেক কোচ মারাদোনা।
মারাদোনার সঙ্গে ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক সরকারের আগে থেকেই ভালো সম্পর্ক রয়েছে। সাবেক প্রেসিডেন্ট উগো চাবেসের ঘনিষ্ট বন্ধু ছিলেন ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার।
