২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হৃদস্পন্দন থেমে যাচ্ছিল বেলজিয়াম কোচের

শিষ্যদের বিশেষ একটা অনুরোধ করেছেন বেলজিয়ামের কোচ মার্ক উইলমটস-এভাবে সুযোগ নষ্ট করে তার হৃৎপিণ্ডের বারোটা যেন না বাজিয়ে দেন তারা! যুক্তরাষ্ট্রের বিপক্ষে দলকে একের পর এক সুযোগ নষ্ট করেত দেখে নাকি হৃদস্পন্দন বন্ধ হতে বসেছিল তার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 04:53 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

সালভাদরের আরেনা ফন্তে নোভায় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে অসংখ্য সুযোগ তৈরি করে বেলজিয়াম। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে গোল পায়নি তারা।

কখনো তাদের রুখে দিয়েছেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টিম হাওয়ার্ড। কখনো বেলজিয়ামের খেলোয়াড়রা নিজেরা নষ্ট করেন গোলের সহজ সুযোগ। কখনো আবার ভাগ্য গোল-বঞ্চিত করে তাদের।

খেলোয়াড়দের এত এত সুযোগ নষ্ট করতে দেখে একটু যেন বেশিই হতাশ হয়ে পড়েছিলেন উইলমটস। ম্যাচ শেষে একটি আশঙ্কার কথাও বলেন তিনি।

“আমি বিশ্বাস করি, দর্শকদের জন্য দারুণ এক ম্যাচ ছিল এটা, কিন্তু আমার হৃৎপিণ্ডের জন্য নয়। পরে আমি খেলোয়াড়দের বলেছি, 'আমার সঙ্গে আর এমন করো না'!”

নির্ধারিত সময়ে গোলশূন্য সমতায় থাকার পর ১০৫ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম। পরে একটি গোল খেলেও ২-১ ব্যবধানের জয় নিয়ে শেষ আটে ওঠে বাজিকরদের কাছে এই বিশ্বকাপের পঞ্চম ফেভারিট দলটি।

শেষ পর্যন্ত জয় এনে দেয়ায় খেলোয়াড়দের নিয়ে দারুণ খুশি উইলমটস।

“এই পর্যায়ে এমন সুযোগ নষ্ট করে সাধারণত আপনি এগিয়ে যেতে পারবেন না। এমনকি অসাধারণ খেললেও নয়। কিন্তু শেষ পর্যন্ত পরের রাউন্ডে যাওয়ার মতো মানসিক দৃঢ়তা আর শারীরিক শক্তি দেখাতে পেরেছি আমরা।”

পিঠে পঞ্চম ফেভারিটের তকমা নিয়ে বিশ্বকাপে আসা বেলজিয়াম গ্রুপ পর্বের ৩টি ম্যাচই জিতেছে। কিন্তু সুন্দর ফুটবল উপহার দিতে না পারায় ফুটবলপিপাসুদের মন ভরেনি।

এই ম্যাচে সমালোচকদের জবাব দিয়ে দেয়া হয়ে গেছে বলে মনে করেন উইলমটস।

“আজ (মঙ্গলবার) রাতে আমরা বেলজিয়ামের থেকে ভালো ফুটবল দেখেছি। আমি বলতে পারি, আমরা ভালো একটি ম্যাচ খেলেছি। আমরা সাহসী ছিলাম এবং কোয়ার্টার-ফাইনালে উঠেছি।”

এই ম্যাচের আগে সমালোচনা হচ্ছিল বেলজিয়ামের ফরোয়ার্ড রোমেলু লুকাকুকে নিয়েও। বদলি হিসাবে মাঠে নেমে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। কোচের প্রশংসা তার প্রাপ্যই ছিল।

“তাকে নিয়ে সমালোচনা ঠিকই ছিল। কিন্তু আমি ওকে বলেছি, নকআউট পর্বটা ওর হতে যাচ্ছে।”

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের গোলরক্ষক হাওয়ার্ডেরও প্রশংসা করেন উইলমটস।

“আমরা ২৭টির মতো সুযোগ পেয়েছি এবং জয় আমাদের প্রাপ্যই। আমরা ম্যাচের দ্বিতীয় মিনিটেই সুযোগ পেয়েছি এবং টিম হাওয়ার্ডের দারুণ গোলকিপিং আমাদের বঞ্চিত করেছে।”