২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভয় পেয়েছিলেন মেসি

একের পর এক চেষ্টা করেও সুইজারল্যান্ডের জাল খুঁজে পাচ্ছিলেন না দেখে ভয় পেয়ে গিয়েছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কাও ঘিরে ধরেছিল বলে জানান আর্জেন্টিনার এই তারকা ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 03:50 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

মঙ্গলবার আরেনা দে সাও পাওলোতে আনহেল দি মারিয়ার শেষ মুহূর্তের গোলে শেষ আটে ওঠে আর্জেন্টিনা। ১১৮তম মিনিটে দি মারিয়ার করা ম্যাচের একমাত্র গোলটি আসে মেসির অসাধারণ এক পাস থেকেই।

ম্যাচ শেষে মেসি জানান, এই গোলটি পাওয়ার আগে দুশ্চিন্তায়ই পড়ে গিয়েছিলেন তিনি।

"শেষ দিকে আমি নার্ভাস হয়ে পড়েছিলাম। কারণ আমরা গোল করতে পারছিলাম না, আর কোনো একটা ভুল আমাদের ছিটকে ফেলতে পারত।"

সুইজারল্যান্ডের জমাট রক্ষণ নির্ধারিত ৯০ মিনিটে ভাঙতে পারেনি আর্জেন্টিনা। অতিরিক্ত ৩০ মিনিটের শেষ মুহূর্ত পর্যন্ত মেসি-দি মারিয়াদের আটকে রেখেছিল সুইস রক্ষণ। ম্যাচ গড়াচ্ছিল টাইব্রেকারের  দিকে। আর এটাই মেসির ভয়টা বাড়িয়ে দিচ্ছিল।

"সময় গড়াচ্ছিল এবং আমরা চাইনি ম্যাচটি পেনাল্টিতে যাক।"

সবশেষে টাইব্রেকারে গড়ানোর আগেই জয় নিয়ে মাঠ ছাড়তে পারায় ভাগ্যকে কৃতজ্ঞতা জানান সমর্থকদের ভোটে ম্যাচ সেরার খেতাব জেতা মেসি।

চার বারের বর্ষসেরা খেলোয়াড় বলেন, "ভাগ্য আমাদের দলের সহায় ছিল। আমরা ভুগছিলাম, কিন্তু স্পেশাল এক খেলা খেলতে পেরেছিলাম।"

গোল করে আর্জেন্টিনা দলে স্বস্তি এনে দেয়া দি মারিয়া শেষ আটে ওঠার কৃতিত্ব ভাগ করে দিলেন সবাইকে।

"আমি নই, নায়ক আমাদের ২৩ জন খেলোয়াড় এবং কোচিং স্টাফরা।"

জয়টি আর্জেন্টিনার প্রাপ্য ছিল দাবি করে রিয়াল মাদ্রিদের উইঙ্গার বলেন, "আমরা আমাদের মনপ্রাণ উজাড় করে দিয়েছি।"