সুইসদের হারিয়ে মেসির স্বস্তি
তৃতীয় বিশ্বকাপ জয়ের পথে আরেকধাপ এগিয়ে উচ্ছ্বসিত লিওনেল মেসির মুখে স্বস্তির হাসি।
মঙ্গলবার সাও পাওলোর আরেনা দে সাও পাওলোয় গোলশূন্য নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে আনহেল দি মারিয়ার একমাত্র গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
পুরো ম্যাচে লাতিন আমেরিকার দলটি অনেকগুলো সুযোগ পেলেও প্রতিপক্ষের জাল খুঁজে পাচ্ছিল না। একসময় তো মনে হচ্ছিল টাইব্রেকারে গড়াতে যাচ্ছে ম্যাচটি। তবে ১১৮তম মিনিটে মেসির দুর্দান্ত পাসে কোনাকুনি শটে বল জাল জড়ান দি মারিয়া।
গোল না পাওয়ায় উৎকণ্ঠা বাড়ছিল জানিয়ে মেসি বলেন, "সবার মতো আমিও স্নায়ু চাপে ভুগছিলাম। কারণ, আমরা গোল পাচ্ছিলাম না আর একটা ভুল আমাদের ছিটকে ফেলতে পারত।"
গোল পাওয়ার আগ পর্যন্ত প্রচণ্ড কষ্টকর অনুভূতি হচ্ছিল বলে জানান মেসি।
"আমরা জানি, এরকম সময়ের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। এটাই ফুটবল। ভাগ্য আমাদের পক্ষে ছিল। এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে।"
গুরুত্বপূর্ণ এমন ম্যাচে জয়সূচক গোল করে আনন্দিত রিয়াল মাদ্রিদের উইঙ্গার দি মারিয়া। তবে নিজেকে এই জয়ের নায়ক ভাবতে রাজী নন তিনি।
গোলটি স্ত্রী আর মেয়েকে উৎসর্গ করে দি মারিয়া বলেন, "আমি নায়ক নই, ২৩ জন খেলোয়াড় এবং টেকনিক্যাল স্টাফের সবাই নায়ক। আমার মনে হয়, জয়টা আমাদের প্রাপ্য ছিল।"
আগামী শনিবার বেলজিয়ামের বিপক্ষে ব্রাজিলিয়ায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে আর্জেন্টিনা।
