আলজেরিয়ার রেফারি নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের
বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আলজেরিয়ার রেফারিকে নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্র কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান।
মঙ্গলবার সালভাদরে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম ও যুক্তরাষ্ট্র। এই লড়াইয়ে রেফারির দায়িত্ব পেয়েছেন আলজেরিয়ার জামেল হায়মউদি।
ক্লিন্সমান বলছেন, আলজেরিয়া ও বেলজিয়াম দুই দেশেরই ফরাসি ভাষার প্রচলন থাকায় বেলজিয়ামের খেলোয়াড়রা রেফারির সঙ্গে ভালোভাবে যোগাযোগ করতে পারবে।
আরবি ভাষার পাশাপাশি আলজেরিয়ার সরকারি অফিস, শিক্ষা, সংস্কৃতিতে ফরাসি ভাষার প্রচলন আছে। আর বেলজিয়ামের তিনটি সরকারি ভাষার মধ্যে একটি ফরাসি।
ক্লিন্সমানের আরেকটি চিন্তার জায়গা হলো, গত বিশ্বকাপেই আবার আলজেরিয়াকে গ্রুপের শেষ ম্যাচে হারিয়ে বিদায় করে দিয়েছিল যুক্তরাষ্ট্র।
তবে জার্মান কোচের আশা, এ নিয়ে ম্যাচে বড় কোনো সমস্যা হবে না।
“আমরা জানি তিনি আরো দুটি ম্যাচ ভালোভাবে পরিচালনা করেছেন এবং আমরা আশা করি আগামীকালও (মঙ্গলবার) তার ওই ধারাবাহিকতা বজায় থাকবে।”
তবে ম্যাচের রেফারি নির্বাচনে ফিফার আরো বেশি সতর্ক হওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন ক্লিন্সমান।
