২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেরেও নায়ক আলজেরিয়া গোলরক্ষক

দলের হার ঠেকাতে পারেননি। কিন্তু দুর্দান্ত সব সেভ করে জার্মানিকে অতিরিক্ত সময় পর্যন্ত ঠিকই নিয়ে যান রাইস বোলহি। পরাজিত দলে থেকেও তাই ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন আলজেরিয়ার গোলরক্ষক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 05:29 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

পোর্তো আলেগ্রের স্তাদিও বেইরা-রিওতে নির্ধারিত ৯০ মিনিটে জার্মানি দারুণ কিছু আক্রমণ করেও গোল পায়নি মূলত বোলহির দৃঢ়তার কারণেই।

৪১তম মিনিটে প্রথমার্ধের সবচেয়ে ভালো সেভটি করেন বোলহি। এক মুহূতের মধ্যে জার্মানিকে দুবার হতাশ করেন তিনি। ২৫ গজ দূর থেকে টনি ক্রুসের শট ফিরিয়ে দেন তিনি। ফিরতি বলে শট নিয়েছিলেন মারিও গোটসে। অসামান্য দক্ষতায় সেটিও ঠেকিয়ে দেন বোলহি।

বিরতির পরও জার্মানিকে গোল-বঞ্চিত রাখেন বোলহি। ৫২তম মিনিটে বাস্টিয়ান শোয়াইনস্টাইগারের কাছ থেকে বল পেয়ে জোরালো শট নেন ফিলিপ লাম। গোলমুখী বলটি ডানে ঝাঁপিয়ে আঙ্গুল দিয়ে বাইরে ঠেলে দেন বোলহি।

৮০তম মিনিটে মুলারের সামনে বাধা হয়ে দাঁড়ান বোলহি। মুলারের হেড ঠেকিয়ে দেন তিনি। ফিরতি বলে শুরলের প্রচেষ্টাকেও রুখে দেন তিনি।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে আবার আলজেরিয়ার ত্রাতা হন বোলহি। লামের ক্রসে শোয়াইনস্টাইগারের হেড ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন তিনি।

নির্ধারিত সময়ে গোলশূন্য সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত আলজেরিয়াকে আর রক্ষা করতে না পারলেও অতিরিক্ত সময়েও ভালো কিছু সেভ করেন বোলহি।

দল হেরে যাওয়ায় ম্যাচ সেরা হওয়ার আনন্দ করতে পারেননি বোলহি। লড়াই করেও জিততে না পারার হতাশাই সঙ্গী হয়েছে তার।

"আমরা খুব হতাশ হয়েছি। কারণ, আমাদেরও কোয়ার্টার-ফাইনালে যাওয়ার সুযোগ ছিল বলে মনে হয়েছে।"