সমালোচনা কানে তুলছেন না জার্মান কোচ
আর মাত্র তিনটি পদক্ষেপ। ঠিকভাবে এগোতে পারলেই চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের সোনালি হাসিতে উদ্ভাসিত হতে পারবে জার্মানি। কিন্তু আলজেরিয়ার বিপক্ষে শেষ ষোলোতে কষ্টার্জিত জয়ের পর সন্দেহবাদীরা জার্মানির স্বপ্নকে সুদূরের কল্পনা বলে মনে করছেন। তবে দলটির কোচ ইওয়াখিম লুভ এই সমালোচনা কানে তুলছেন না।
পোর্তো আলেগ্রের স্তাদিও বেইরা-রিওতে ১২০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-১ গোলে জিতে শেষ আট নিশ্চিত করেছে জার্মানি। ম্যাচ শেষে সমালোচকদের একটি কথাই মনে করিয়ে দেন লুভ-বিশ্বকাপ সবসময়ই কঠিন এক জায়গা, এখানে লড়াই করেই জিততে হয়।
"বিশ্বকাপ পার্কে পায়চারি করার বিষয় নয়। যেখানে তীব্র লড়াকু এবং মারাত্মক রক্ষণ আর আগ্রাসী মনোভাবের প্রতিপক্ষ থাকবে, এমন কিছু ম্যাচ সেখানে হবেই।"
দক্ষিণ আফ্রিকায় ২০১০ বিশ্বকাপেও টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ছিল লোর দল। এর আগে ২০০৬ বিশ্বকাপেও আশা জাগানিয়া পারফরম্যান্স দেখিয়েছিল জার্মানি। তবে দুটি বিশ্বকাপেই সেমি-ফাইনালেই থেমে গেছে তাদের অগ্রযাত্রা।
অনেক স্বপ্ন নিয়ে ব্রাজিলে পা রাখা জার্মানির কী এবারও এমন কিছু হতে যাচ্ছে? আলজেরিয়া-পরীক্ষার পর কেউ কেউ এমনটা ভাবছেন। কিন্তু লুভের চোখে এই ধরণের ম্যাচের প্রয়োজনীয়তা আছে।
১৯৮২ বিশ্বকাপের জার্মানি-অস্ট্রিয়ার 'সমঝোতার' ম্যাচের কারণে নকআউটে খেলতে না পারা আলজেরিয়া এবার প্রতিশোধের আগুনে জ্বলছিল। পুরো ম্যাচেই তারা জার্মানিকে ভুগিয়েছে।
অন্যদিকে ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালকে ৪-০ গোলে হারানোর পর জার্মানির কাছে সমর্থকদের প্রত্যাশাটা একটু বেড়েই গেছে। ম্যাচ শেষে সেই প্রত্যাশা পূরণ করতে না পারার ব্যাখ্যা দেন লুভ।
"আমরা খুব বেশি বল হারিয়েছি, বিশেষ করে প্রথমার্ধে। আর আলজেরিয়াকে আমরা প্রতি আক্রমণে যেন আমন্ত্রণ জানিয়েছি।"
ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ভালো খেলার প্রতিশ্রুতি দেন জার্মানির কোচ।
রিও দে জেনেইরোতে ফ্রান্সের বিপক্ষে জার্মানির কোয়ার্টার-ফাইনালের ম্যাচটি শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায়।
