ব্রাজিলের 'পবিত্র' জার্সির ইতিকথা
এই জার্সিতে জন্ম হয়েছে হিরন্ময় সব ফুটবলীয় মুহূর্তের। ব্রাজিলের এই হলুদ জার্সিতে সুন্দর ফুটবল খেলেছেন অনেক ফুটবল কিংবদন্তি; পেলে-গারিঞ্চা থেকে জিকো-সক্রেতিস হয়ে হালের নেইমার।
১৯৭০ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কার্লোস আলবের্তোর কথায় এই জার্সির গুরুত্বটা বোঝা যায় স্পষ্ট করে, “ব্রাজিলিয়ানদের কাছে এই হলুদ জার্সি হল পবিত্র। যখন আমরা এটি গায়ে দিই, অবশ্যই গর্ব অনুভব করি। তবে একই সঙ্গে তা দায়িত্ববোধও নিয়ে আসে। এটা সবাইকে অনুপ্রাণিত করে এবং রোমাঞ্চে ভাসিয়ে দেয়।”
“তিন জন মানুষ মারাকানাকে স্তব্ধ করে দিতে পেরেছিল। ফ্রাঙ্ক সিনাত্রা, পোপ এবং আমি” - বড় গর্বভরা কথাটি আলসিদেস ঘিগিয়ার। বলবেন না কেন? ১৯৫০ বিশ্বকাপের ট্রফি নির্ধারণী ম্যাচে তার গোলেই তো উরুগুয়ে ২-১ ব্যবধানে হারায় ব্রাজিলকে। তাতে আক্ষরিক অর্থে যে নৈঃশব্দ্যে ডুবে যায় মারাকানার দুই লাখ ব্রাজিলিয়ান সমর্থক! সেই সঙ্গে পুরো দেশও। ওই হার ছিল যুগসন্ধিক্ষণ, ব্রাজিলিয়ান ফুটবলকে নতুন করে খুঁজে পাওয়ার উপলক্ষ। খোলনলচে পাল্টে শূন্য থেকে তাই আবার শুরু করে ফুটবলপাগল দেশটি। আগের জার্সি কী করে তাই রাখে তারা!
হ্যাঁ, সেই 'অভিশপ্ত ফাইনালে' আজকের এই হলুদ জার্সি ছিল না ব্রাজিলের। নীল কলারের সাদা জার্সির সঙ্গে সাদা শর্টস ও সাদা মোজা এই ছিল সেদিন ‘সেলেসাও’দের পোশাক। উরুগুয়ের কাছে হারের পর সেটি চিত্রিত হয় দেশপ্রেমহীন পরিচ্ছদ হিসেবে। সেখানে ব্রাজিলের জাতীয় পতাকার প্রতিনিধিত্ব ছিল না যে! পতাকার সবুজ রঙে যে বিশাল বনভূমির ছাপ, সোনালী হলুদে যে খনিজ সম্পদের চিহ্ন, নীল পৃথিবী ও সাদা তারায় যে রিওর আকাশের প্রকাশ - এর কিছুই তো ব্রাজিলের জার্সিতে নেই! নতুন করে শুরু করার জন্য তাই ১৯৫৩ সালে ‘কোরিয়েরো দা মানহা’ নামের সংবাদপত্র একটি প্রতিযোগিতার আয়োজন করল। ব্রাজিলের নতুন জার্সির ডিজাইন আহবান করা সেই প্রতিযোগিতার শর্ত একটাই- ব্রাজিলের পোশাকে হলুদ-নীল-সবুজ-সাদা এই চারটি রঙই শুধু থাকতে পারবে। বিজয়ী ডিজাইনের জার্সি পরে ব্রাজিলের ১৯৫৪ বিশ্বকাপ খেলার সিদ্ধান্তও হয়ে গেল।
“শেষ পর্যন্ত আমি বুঝলাম, জার্সিটা আসলে হলুদ হতে হবে। নীল শর্টসের সঙ্গে সেটি দারুণ মানায়। মোজা সাদা হতে পারে। আর জার্সির গলার কাছে কলারটা হতে পারে সবুজ” পরে স্মৃতি হাতড়ে বলেছেন গার্সিয়া।
তার নকশার সারল্য ও সমন্বয়ের ঐক্যতান দৃষ্টি কাড়ে বিচারকদের। জমা পড়া ৪০১টি ডিজাইনের ভেতর সেরা হিসেবে নির্বাচিত হয় এটি। দ্বিতীয় হওয়া পোশাকটিও ছিল সারল্যমাখা - সবুজ জার্সি, সাদা শর্টস ও হলুদ মোজা।
নতুন জার্সি পরে ব্রাজিল প্রথম ম্যাচ খেলে ১৯৫৪ সালের মার্চে। মারাকানায় চিলিকে সে ম্যাচে হারায় তারা ১-০ গোলে। ওই বছরের বিশ্বকাপ তারা জিততে পারেনি কিন্তু এর চার বছর পরেরটি জিতে নিয়েছে ঠিকই। কী দুর্ভাগ্য গার্সিয়ার, সুইডেনকে হারানো ফাইনালে কিনা পেলে-ভাভা-গারিঞ্চাদের গায়ে ছিল না হলুদ জার্সি! কেন? কারণ স্বাগতিক দেশ সুইডেনের জার্সির রংও ছিল হলুদ, যে কারণে ব্রাজিল পরে বেছে নেয় নীল জার্সি।
“আমাদের অন্য রঙের জার্সি ছিল না। আর ব্রাজিলিয়ান ফেডারেশনও কোনোভাবে চায়নি আবার সাদা রঙের জার্সি পরে খেলতে। এ কারণেই তারা স্টকহোমের মার্কেটে গিয়ে ২২টি টি-শার্ট কিনে আনল। পরে সেখানে বসানো হল ফেডারেশনের লোগো” - কারণটা এভাবে ব্যাখ্যা করেছেন কার্লোস আলবের্তো।
বিশ্ব প্রথমবারের মতো হলুদ জার্সির সৌরভে মাতোয়ারা হয় ১৯৭০ সালে।
হলুদ জার্সিকে ভালোবাসা ও সেটি বিখ্যাত হওয়ার শুরু সেখানেই।
পেলের এই জার্সি ২০০২ সালে বিক্রি হয় প্রায় ২ লাখ ৭০ হাজার ডলারে।
নাই-বা হল তা। কিন্তু ফুটবল সৌন্দর্যে রাঙিয়ে দর্শকদের হৃদয় কিন্তু জয় করে নিয়েছিল তেলে সান্তানার দল। ইতালির হয়ে পরবর্তীতে ৯১টি ম্যাচ খেলা এবং ২০০৬ বিশ্বকাপ জেতা কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরোর কথাটি শুনুন। কৈশোরের স্মৃতি সেঁচে বলছেন তিনি, “ইতালি হয়তো ১৯৮২ বিশ্বকাপ জিতেছিল। কিন্তু সবার মন জয় করে নিয়েছিল ব্রাজিল। একজন শিশু হিসেবে আমার কাছে ওই হলুদ জার্সি ছিল ভীষণ রোমাঞ্চকর। শ্বাসরুদ্ধকর ফুটবল খেলেছিল তারা। ওই মুহূর্ত থেকে আমি সবসময় ব্রাজিলের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক অনুভব করি। ওরা আছে আমার হৃদয়ের খুব কাছে।” বলছেন দেল পিয়েরো, কিন্তু সারা বিশ্বের কোটি কোটি মানুষের মনের কথাই কি তাতে প্রতিধ্বনিত হচ্ছে না!
কিন্তু ব্রাজিলের বিখ্যাত এই হলুদ জার্সির ডিজাইন করা ১৮ বছরের সেই তরুণের কী হল? গার্সিয়ার বয়স এখন ৭৯ বছর, এখনো সেই পেতোলাসে স্ত্রী মারলিনকে নিয়ে থাকেন তিনি। জার্সি প্রতিযোগিতা জেতার কিছু দিন পর তিনি রিও শহরে চলে এসেছিলেন ওই সংবাদপত্রে কাজ পেয়ে। এক সময় সিদ্ধান্ত হল ব্রাজিলের খেলোয়াড়দের সঙ্গে থাকবেন গার্সিয়া। কিন্তু দক্ষিণের লাজুক এক তরুণের জন্য অভিজ্ঞতাটা খুব সুখের ছিল না। কেননা তখন ফুটবলারদের জীবনে অ্যালকোহল ও নারীর প্রাধান্য থাকত অবধারিতভাবে। গার্সিয়া তাই সরে গিয়ে ফিরলেন শেকড়ে।
তিনি যেমনই বলুন না কেন, আলদিয়ের গার্সিয়ার উপহার কখনোই ভুলবে না ব্রাজিলিয়ান ফুটবল-পাগলরা। এই বিশ্বকাপ আয়োজন নিয়ে তাদের অনেকের মধ্যে ভিন্নমত এবং রাগ থাকতে পারে। কিন্তু নিজেদের হলুদ শার্টকে তারা এখনো সম্মান করে। কেন করবে না? এই হলুদ জার্সি গায়ে ওঠার আগে ব্রাজিল কোনো বিশ্বকাপ জিততে পারেনি। আর ১৯৫৩ সালে এটি জাতীয় দলের গায়ে ওঠার পর বিশ্বকাপ জিতেছে পাঁচ বার।
