বিশ্বকাপে প্রথম 'কুলিং ব্রেক'
দ্বিতীয় রাউন্ডে নেদারল্যান্ডস-মেক্সিকো ম্যাচে নতুন এক ঘটনা দেখল বিশ্বকাপ ফুটবল। ফুটবল ম্যাচে দেয়া হলো পানি পানের বিরতি, যার পোশাকি নাম 'কুলিং ব্রেক'।
ম্যাচের ৩২তম মিনিটে রেফারি তিন মিনিটের পানি পানের বিরতি দেন। দুই দলের ঘর্মাক্ত খেলোয়াড়রা পানীয় খাওয়ার পাশাপাশি ভেজা ঠাণ্ডা তোয়ালে দিয়ে তাদের ঘাড় আর মাথা পেচিয়ে নিজেদের ঠাণ্ডা করার চেষ্টা করেন।
এই সময় দুই দেশের কোচও খেলোয়াড়দের নতুন করে নির্দেশনা দেয়ার সুযোগ পেয়ে যান।
বিরতির পর খেলার ৩০ মিনিট পার হওয়ার পর দেয়া হয় দ্বিতীয়ার্ধের কুলিং ব্রেক।
নেদারল্যান্ডস-মেক্সিকোর ম্যাচ শুরুর সময় ভেন্যু ফরতালেজায় তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ। পরে তাপমাত্র ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলে খেলোয়াড়দের ঠাণ্ডা হওয়ার জন্য বিরতি দেন রেফারি।
তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে উঠলে ম্যাচের ৩০তম ও ৭৫তম মিনিটের কাছাকাছি সময়ে এই তিন মিনিটের বিরতি দিতে পারবেন রেফারি। ম্যাচের ঘড়ির কাটা কিন্তু চলতেই থাকবে। পরে এই তিন মিনিট যোগ হবে ইনজুরি সময়ের সঙ্গে।
