২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাইব্রেকারের উত্তেজনায় ব্রাজিল ভক্তের মৃত্যু

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল-চিলি ম্যাচে টাইব্রেকার দেখার সময়ে বিশ্বকাপ আয়োজক দেশটির এক সমর্থক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 07:41 PM

Updated : 13 Oct 2022, 12:17 PM

৬৯ বয়সী সেই ভক্ত বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওয়ের কাছাকাছি একটি বারে বসে খেলা দেখছিলেন। এক পর্যায়ে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের এক মুখপাত্র জানান, হাসপাতালে নেয়ার দুই ঘণ্টা পর সেই ভক্ত মারা যান। এস্তাদো দে মিনাস পত্রিকা জানান, বৃদ্ধ লোকটি উচ্চরক্ত চাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন।

ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ জানায়, ম্যাচ চলার সময়ে ৯৮ জন ব্যক্তিকে চিকিৎসা দেয়া হয়।

১-১ গোলে সমতায় থাকা ম্যাচ টাইব্রেকারে গড়ানোর পর মুরিসিও পিনিইয়া ও আলেক্সিস সানচেসের প্রথম দুটি শট ঠেকিয়ে দেন সেজার। গনসালো হারার শেষ শট বারে লেগে ফিরলে ৩-২ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের।

পাঁচবারের চ্যাম্পিয়নদের পক্ষে লক্ষ্যভেদ করেন দাভিদ লুইস, মার্সেলো ও নেইমার। বাইরে মারেন উইলিয়ান। আর হাল্কের শট ঠেকিয়ে খেলায় নখ কামড়ানো উত্তেজনা এনে দেন চিলির ক্লদিও ব্রাভো।