'স্বর্গ থেকে তিন পা দূরে ব্রাজিল'
কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল, ফাইনাল। ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারির কাছে এর পরই স্বর্গ। মানে বিশ্বকাপ জয়ের অপার আনন্দ। শেষ ষোলোর লড়াইয়ে চিলিকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার পর স্কলারি বললেন-স্বর্গ থেকে আর তিন ধাপ দূরে তার দল।
বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওতে নাটকীয়তায় ভরা ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমিমাংসিত থাকার পর টাইব্রেকারে ৩-২ গোলে চিলিকে হারায় ব্রাজিল।
১৯৫০ বিশ্বকাপে পাওয়া মারাকানা-দু:খ ভুলতে মরিয়া ব্রাজিলের মানুষকে এই জয়ের পর একটা আশার বাণী শোনান স্কলারি।
"আমরা চ্যাম্পিয়ন হব, এই অভিযান নিয়েই নেমেছি। প্রতিজ্ঞা করলে আপনাকে সেটা দিতেই হবে। খেলোয়াড়রা এটাই করছে। আমরা স্বর্গে পৌঁছাতে পারব কিনা, তার জন্য আর তিনটা ম্যাচই দেখতে হবে।"
শেষ পর্যন্ত সেটা হয়নি, চিলি-বাধা পেরিয়ে নিজেদের ষষ্ঠ শিরোপা জয়ের অভিযানটা টিকিয়ে রেখেছেন স্কলারি-নেইমাররা। এই ম্যাচ একটি ইঙ্গিত দিয়ে গেছে ব্রাজিলকে-স্বর্গে পৌঁছাতে হলে আরো কাঠখড় পোড়াতে হবে স্কলারির দলকে।
স্কলারি নিজেও ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ব্রাজিলের উন্নতির দিকে নজর দেয়ার কথা বলেন।
"প্রত্যেক ম্যাচেই জটিলতা বাড়ছে। বিশ্বকাপ দেখাচ্ছে দলগুলো খুব ভারসাম্যপূর্ণ। আজকের (শনিবার) মতো এক, দুই বা তিনটি সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারলে আপনাকে মূল্য দিতে হতে পারে।"
