মেক্সিকোর ইতিহাস গড়ার স্বপ্ন
গ্রুপ পর্বের তিন ম্যাচে মাত্র একটি গোল খেয়ে মেক্সিকো প্রমাণ করেছে তাদের রক্ষণ কতটা শক্তিশালী। শেষ ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে আক্রমণেও সফল তারা। এবার ইতিহাস গড়ার সংকল্প উত্তর আমেরিকার দলটির।
রোববার ফরতালেজায় নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের ওঠার লড়াইয়ে নামবে মেক্সিকো। ব্রাজিলের পেছনে থেকে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে নকআউটে পর্বে উঠেছে মেক্সিকো।
গতবারের চ্যাম্পিয়ন স্পেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপ অভিযান শুরু করা ডাচদের বিপক্ষে লড়াইটিকে কঠিন ম্যাচ বলছেন মেক্সিকোর ডিফেন্ডার আন্দ্রেস গুয়ারদাদো। তবে দেশের ফুটবলে ইতিহাস গড়ার স্বপ্ন তার চোখে।
“ইতোমধ্যে আমরা তিনটা কঠিন ম্যাচ খেলেছি, বিশেষ করে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি। সামনে আরেকটি ফেভারিটের বিপক্ষে লড়াই। তবে আমরা আমদের প্রত্যাশা ছোট করবো না- এখনও আমরা মেক্সিকোর ফুটবলে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছি।”
এর আগে ১৪বার বিশ্বকাপে অংশ নিয়ে দুইবার কোয়ার্টার-ফাইনাল খেলেছে মেক্সিকো। বিশ্বসেরার মঞ্চে সেটাই তাদের সেরা সাফল্য।
