বিশ্বকাপের ম্যাচসেরারা
প্রতিটি ম্যাচের পর ফিফা থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
সূচি দেখতে ক্লিক করুন
ম্যাচ রেজাল্ট দেখতে ক্লিক করুন
শীর্ষ গোলদাতার তালিকা দেখতে ক্লিক করুন
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ:
১২ জুলাই, নেদারল্যান্ডস-ব্রাজিল
ম্যান অব দ্য ম্যাচ : আরিয়েন রবেন
আর্জেন্টিনার বিপক্ষে সেমি-ফাইনালটি ‘ব্যতিক্রম হিসেবেই প্রমাণ করে গেলেন আরিয়েন রবেন। ব্রাজিলের বিপক্ষে আবার যে জাদুর ডালি মেলে ধরলেন তিনি! সেই ড্রিবলিং, বল পায়ে আঁকাবাঁকা দৌড়, প্রতিপক্ষ রক্ষণে ত্রাস ছড়ানো বিধ্বংসী শ্রেষ্ঠত্বে ফিরেই বিশ্বকাপ শেষ করলেন রবেন।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে আগ্রহ না থাকার কথা প্রকাশ্যেই বলেছিলেন তিনি। কিন্তু মাঠের খেলায় এর প্রমাণ কই! ব্রাজিলের বিপক্ষে দ্বিতীয় মিনিটেই তার ডিফেন্স ভেঙেচুরে এগিয়ে যাওয়া এক দৌড়, তাকে ঠেকাতে গিয়ে চিয়াগো সিলভার পেনাল্টি দেওয়া। এরপরও পুরো ম্যাচে যতবার রবেনের পায়ে বল গেছে, প্রতিবারই দেখিয়েছে ভয়ঙ্কর। দলের ৩-০ গোলে জয়ে কোনো গোল না করেও মূল অবদান রবেনের। বিশ্বকাপের তৃতীয়বারের মতো ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে তাই তার হাতে।
একটাই আফসোস, আর্জেন্টিনার বিপক্ষে অমনভাবে জ্বলে উঠতে পারলে হয়তো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ না, ফাইনালই খেলতে পারতেন রবেন।
সেমি-ফাইনাল:
৯ জুলাই, আর্জেন্টিনা-নেদারল্যান্ডস
ম্যান অব দ্য ম্যাচ: সের্হিয়ো রোমেরো
এক ‘সের্হিয়ো’ ফিরিয়ে আনলেন আরেক ‘সের্হিয়ো’র স্মৃতি। ১৯৯০ সালের সের্হিয়ো গয়কোচিয়ার মতো এবার সেমিফাইনালে আর্জেন্টিনা জিতল যে সের্হিয়ো রোমেরোর বীরত্বে! তিনি টাইব্রেকারে দুটি শট ঠেকালেন বলেই না দুই যুগ পর আবার ফাইনালে তারা!
অথচ এই গোলরক্ষককে একাদশে খেলানোর জন্য কোচ আলেহান্দ্রো সাবেইয়াকে কতো সমালোচনা শুনতে হয়েছে! ক্লাব দল মোনাকোর প্রথম একাদশে নিয়মিত যিনি নন, আর্জেন্টিনা দলে তার ওপর ভরসা রাখা যায় কী করে! সাবেইয়া রেখেছেন এবং রোমরোও সেই আস্থার প্রতিদান দিচ্ছেন প্রতিনিয়ত।
১২০ মিনিটেও জাল খুঁজে পায়নি আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের কেউ। জার্মানির প্রতিপক্ষ নির্ধারণের জন্য টাইব্রেকারই তাই ভরসা। সেখানে রন ভ্লারের নেওয়া প্রথম ও ভেসলি স্নেইডারের মারা তৃতীয় শট রুখে দেন রোমেরো। সঙ্গে তাঁর চার সতীর্থই গোল দিলে ফাইনালে উঠে যায় আর্জেন্টিনা। রোমেরোকে ম্যাচসেরা হিসেবে বেছে নেওয়াটা তাই খুব কঠিন ছিল না।
৮ জুলাই, জার্মানি-ব্রাজিল
ম্যান অব দ্য ম্যাচ: টনি ক্রুস
ব্রাজিলের বিপক্ষে ম্যাচে জার্মানির আকাশের সব তারাই ছিলেন জ্বলজ্বলে। এদের মধ্যে উজ্জ্বলতম মিডফিল্ডার টনি ক্রুস।
টমাস মুলারের প্রথম গোলের উৎস ক্রুসের কর্নার। চলতি বিশ্বকাপে গোলে এটি তৃতীয় অবদান। তবে তখন পর্যন্ত নামের পাশে কোনো গোল ছিল না। কাঁধ নুয়ে পড়া ব্রাজিলিয়ানদের সামনে পেয়ে এক ম্যাচেই দুই গোল দিয়ে দিলেন তিনি।
ফিলিপ লামের পাস থেকে বাঁ পায়ের শট জালে জড়িয়ে করেন প্রথম গোল। এর ঠিক ৬৯ সেকেন্ড পর সামি খেদিরার পাসে ডান পায়ে দ্বিতীয়টি। এক গোলে সহায়তা আর দুই গোলের পাশাপাশি মাঝমাঠ নিয়ন্ত্রণেও ক্রুসের জবাব ছিল না ব্রাজিলের কাছে। বিশ্বকাপ ইতিহাসে ‘সেলেসাও’দের সবচেয়ে বড় লজ্জা দেওয়ার ম্যাচে সেরা এই মিডফিল্ডারই।
কোয়ার্টার-ফাইনাল:
৫ জুলাই, কোস্টা রিকা-নেদারল্যান্ডস
ম্যান অব দ্য ম্যাচ: কেইলর নাভাস
গিয়ের্মো ওচোয়া, রাইস বোলহি, টিম হাওয়ার্ডের ভাগ্য মেনে নিতে হল কেইলর নাভাসকে। নিজে ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার জিতলেন, কিন্তু দল বিদায় নিল বিশ্বকাপ থেকে।
আগের রাউন্ডে তার টাইব্রেকার-বীরত্বেই গ্রিসকে হারিয়েছিল কোস্টা রিকা। এদিন ডাচদের বিপক্ষে আর সেটি হয়নি। চার শটের কোনোটিই বাঁচাতে পারেননি নাভাস। কিন্তু খেলা যে এই টাইব্রেকার পর্যন্ত গড়াল, সেটি তার জন্যই। রবিন ফন পের্সি, মেমপিস ডিপাই, আরিয়েন রবেনকে হতাশ করেছেন বারবার। দারুণ সব রিফ্লেক্স সেভে নির্ধারিত ৯০ ও অতিরিক্ত ৩০ মিনিট গোলপোস্ট সুরক্ষিত রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে প্রতিপক্ষের টিম ক্রুলের কাছে হার মানতে হয় নাভাসকে।
সান্ত্বনা একটাই। টুর্নামেন্টে কোস্টা রিকা পাঁচ ম্যাচে তৃতীয়বারের মতো ম্যাচ সেরা নির্বাচিত হওয়া।
৫ জুন, আর্জেন্টিনা-বেলজিয়াম
ম্যান অব দ্য ম্যাচ: গনসালো হিগুয়াইন
আগের চার ম্যাচে গোল করতে পারেননি। গোল করবেন কী, গোলের তেমন কোনো চেষ্টাই ছিল না তার মধ্যে। সেই গনসালো হিগুয়াইনই এই ম্যাচে দুর্দান্ত! হাফভলি থেকে করা তার দারুণ গোলেই দুই যুগ পর সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
আক্রমণের শুরু সেই লিওনেল মেসির পায়েই। বল পায়ে আঠার মতো রেখে বেলজিয়ামের দুই খেলোয়াড়কে এড়িয়ে আনহেল দি মারিয়াকে বল দেন তিনি। রিয়াল মাদ্রিদ উইঙ্গার বল বাড়িয়েছিলেন ডান দিক দিয়ে এগুনো সাবালেতার দিকে। কিন্তু বল বেলজিয়াম ডিফেন্ডার ইয়ান ভার্টনেনের পায়ে লেগে যায় হিগুয়াইনের কাছে। প্রথম ছোঁয়াতেই বাঁ পোস্টে ডান পায়ের হাফভলি ফেরানোর কোনো সুযোগই ছিল না অন্য পোস্টে থাকা থিবো কোর্তোয়ার।
দ্বিতীয়ার্ধে আরেকটি অবিস্মরণীয় গোলও করতে পারতেন হিগুয়াইন। অনেকটা দৌঁড়ে কম্পানির দুই পায়ের ফাঁক দিয়ে বল গলিয়ে বেলজিয়ামের ডি বক্সে ঢুকে পড়েন তিনি। সামনে ছিলেন কেবল কর্তোয়া। তাকে পরাস্ত করতে পারলেও বল ক্রসবারে লেগে বাইরে চলে গেলে হতাশায় পুড়তে হয় নাপোলি স্ট্রাইকারকে। তবু ম্যাচ নির্ধারণী গোলটির জন্য ম্যাচ সেরা হিগুয়েইন। তাতে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে এসে আর্জেন্টিনার মেসি ছাড়া অন্য কেউ হল ম্যান অব দ্য ম্যাচ।
৪ জুলাই, জার্মানি-ফ্রান্স
ম্যান অব দ্য ম্যাচ: মাটস হুমেলস
ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে পুরো মৌসুমে দিয়েছিলেন দুই গোল। অথচ ব্রাজিল বিশ্বকাপের পাঁচ ম্যাচেই কিনা সমসংখ্যক লক্ষ্যভেদ মাটস হুমেলসের! জার্মানির সেন্ট্রাল ডিফেন্ডারের টুর্নামেন্টটি যে স্বপ্নের মতো কাটছে, সেটি কি আর বলে দিতে হয়।
পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচে হেড থেকে যে গোল দিয়েছিলেন হুমেলস, সেটি ছিল দলের চার গোলের একটি। আর ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের গোলটি ম্যাচেরই একমাত্র। করেছেন সেই হেডেই! উৎসও অভিন্ন, টনি ক্রুসের ভাসানো বল। দ্বাদশ মিনিটে করা গোলের পাশাপাশি রক্ষণেও ফরাসি ফরোয়ার্ডদের উপর আধিপত্য ছিল হুমেলসের। ম্যাচসেরা বেছে নিতে তাই কষ্ট হয়নি খুব।
৪ জুলাই, ব্রাজিল-কলম্বিয়া
ম্যান অব দ্য ম্যাচ: দাভিদ লুইস
চেলসিতে তিনি নিয়মিত নন। সে কারণে কিছু দিন আগে তাকে তো বিক্রিই করে দিল ইংলিশ ক্লাবটি। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে সেই দাভিদ লুইসই অনন্য। রক্ষণ করছেন সিংহের বিক্রমে। আর কলম্বিয়ার বিপক্ষে ফ্রি-কিকে যে গোলটি দিলেন তিনি, সেটি স্মৃতিতে সংরক্ষিত থাকবে দীর্ঘকাল।
৩০ গজ দূর থেকে নেওয়া লুইসের ফ্রি-কিক পরে পরিণত হয় জয়সূচক গোলে। ম্যাচ সেরা হওয়ার জন্য সেটিই যথেষ্ট। সঙ্গে যোগ করুন, কলম্বিয়ার ফরোয়ার্ডদের বিপক্ষে তার চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাওয়া। সেন্ট্রাল ডিফেন্সে চিয়াগো সিলভার সঙ্গে মিলে দুর্ধর্ষ জুটি গড়ে তুলেছেন। ব্রাজিলকে সেমিফাইনালে তোলা ম্যাচে সেরা তাই লুইসই।
দ্বিতীয় রাউন্ড:
১ জুলাই, আর্জেন্টিনা-সুইজারল্যান্ড
ম্যান অব দ্য ম্যাচ: লিওনেল মেসি
চারে চার হয়ে গেল লিওনেল মেসির! ব্রাজিল বিশ্বকাপে চারটি ম্যাচে মাঠে নেমেছেন। প্রতিটিকেই জিতিয়েছেন দলকে আর প্রতিবার হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
প্রথম রাউন্ডের তিন ম্যাচে গোল দিয়েছিলেন মেসি। সুইসদের বিপক্ষে জাল খুঁজে পাননি তিনি, বরং ছিলেন গোলের কারিগরের ভূমিকায়। নির্ধারিত ৯০ মিনিটে এই নাম্বার টেনের অনেকগুলো চেষ্টা প্রতিহত করেছেন সুইজারল্যান্ডের গোলরক্ষক। অতিরিক্ত সময়ে ঠিক যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। পাওয়া গেল আরেকটি জাদুকরী মুহূর্ত উপহার দেওয়ার সময়। টাইব্রেকার থেকে ম্যাচের দূরত্ব যখন মোটে মিনিট তিনেক, মেসি ঝলসে উঠলেন আবার। সুইস সীমানার বল পেয়ে ট্রেডমার্ক দৌড়ের পর বাঁ পায়ের শট আশা করছিলেন সবাই। অধিনায়ক কিন্তু বল ঠেললেন ডানে ফাঁকায় থাকা আনহেল দি মারিয়ার দিকে। তিনি ঠাণ্ডা মাথায় বলটি জালে জড়িয়ে দিলে আর টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী পরীক্ষায় নামতে হয়নি আর্জেন্টিনাকে। পুরো ম্যাচে দুর্দান্ত খেলার পাশাপাশি ওই সহায়তার জন্য আবারও ম্যাচসেরা তাই মেসিই।
১ জুলাই, যুক্তরাষ্ট্র-বেলজিয়াম
ম্যান অব দ্য ম্যাচ: টিম হাওয়ার্ড
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডটা ছিল আসলে গোলরক্ষকদের। আট খেলার মধ্যে পাঁচটির ম্যান অব দ্য ম্যাচই যে বারপোস্টের নীচে গ্লাভস হাতের কেউ! এদের মধ্যে জুলিও সেজার ও কেইয়ালর নাভাস ভাগ্যবান, কারণ তাদের দল জিতেছে। অন্য দিকে মেক্সিকোর গিইয়ের্মো ওচোয়া, আলজেরিয়ার রাইস এম’বোলহির সঙ্গে দুর্ভাগাদের ক্লাবে নাম লেখালেন যুক্তরাষ্ট্রের টিম হাওয়ার্ড। নিজেরা ম্যাচসেরা হলেও পরাজিত দলে থেকেই যে বিশ্বকাপকে বিদায় জানাতে হয়েছে তাদের।
অথচ বেলজিয়ামের বিপক্ষে এই খেলায় কী প্রতিরোধটাই না গড়ে তুলেছিলেন হাওয়ার্ড! একের পর এক করছিলেন চোখ ধাঁধানো সেভ। তিনি এমন ফর্মে না থাকলে তো খেলা নির্ধারিত ৯০ মিনিটেই শেষ হয়ে যায়, বেলজিয়ামও জেতে অন্তত তিন-চার গোলে। অতিরিক্ত সময়ে গিয়ে চিড় ধরে সেই হাওয়ার্ড-প্রাচীরে। সেখানে দুই গোল খান তিনি। আর দল হেরে যাওয়ায় ম্যাচসেরার পুরষ্কারটি এই গোলরক্ষকের কাছে হয়ে গেল শুধুই সান্ত্বনা।
৩০ জুন, জার্মানি-আলজেরিয়া
ম্যান অব দা ম্যাচ: রাইস বোলহি (আলজেরিয়া)
দলের হার ঠেকাতে পারেননি। কিন্তু একের পর এক দুর্দান্ত সব সেভ করে জার্মানিকে অতিরিক্ত সময় পর্যন্ত ঠিকই নিয়ে যান আলজেরিয়ার গোলরক্ষক রাইস বোলহি। প্রথমার্ধে মারিও গোটসের শট ঠেকিয়েছেন বীরের মতো। দ্বিতীয়ার্ধে ফিলিপ লামের গোলমুখী বলটি উড়ে ডানে ঝাঁপিয়ে আঙ্গুল দিয়ে ঠেলে দেন বাইরে। এরপর মুলারের হেডেও বোলহির বিস্ময়কর সেভ! এত কিছু করে পরাশক্তি জার্মানদের ৯০ মিনিট গোলশূন্য রেখেছিলেন। কিন্তু অতিরিক্ত সময়ে আর পারেননি। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটিই তাই বোলহির স্বান্ত্বনা।
৩০ জুন, ফ্রান্স-নাইজেরিয়া
ম্যান অব দা ম্যাচ: পল পগবা (ফ্রান্স)
পল পগবার প্রতিভা নিয়ে উচ্ছ্বসিত সবাই। উৎকণ্ঠিত কেবল সেটিকে ধারাবাহিকভাবে পারফরম্যান্সে অনুবাদ করতে না পারায়। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচের পর যেমন বাদ পড়েছিলেন একাদশ থেকে। এরপর ফেরেন আবার গ্রুপের শেষ খেলায়, তবে সত্যিকার অর্থে পগবার প্রত্যাবর্তন দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে। নাইজেরিয়ার বিপক্ষে শুরু থেকে তিনি মাঝমাঝের দখল যেমন নিয়েছেন, তেমনি গোলের কাছাকাছিও গিয়েছিলেন কয়েকবার। অবশেষে হেড থেকে জয়সূচক গোলটি করেন নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র ১১ মিনিট আগে।
২৯ জুন কোস্টারিকা-গ্রিস
ম্যান অব দ্য ম্যাচ: কেইলর নাভাস (কোস্টারিকা)
এই বিশ্বকাপটি গোলস্কোরারদের। কিন্তু দ্বিতীয় রাউন্ডের এই দিনটি ছিল গোলরক্ষকদের। মেক্সিকোর গিয়ের্মো ওচোয়ার বীরত্বের পরও দলকে জেতাতে পারেননি। কোস্টারিকার কেইয়ালর নাভাস পেরেছেন ঠিকই। গ্রিসের বিপক্ষে নির্ধারিত ৯০ ও অতিরিক্ত ৩০ মিনিটেও দারুণ সব সেভ করেছেন এই গোলরক্ষক। সেটি ছাপিয়ে যায় তাঁর টাইব্রেকার বীরত্ব। থিওফানিস গেকাসের নেওয়া শট ডানে ঝাঁপিয়ে ঠেকিয়ে প্রথমবারের মতো কোস্টারিকার কোয়ার্টার ফাইনালে ওঠার পথ তৈরী করেন নাভাস। ম্যাচসেরা তাই তিনিই।
২৯ জুন নেদারল্যান্ডস-মেক্সিকো
ম্যান অব দ্য ম্যাচ: গিয়ের্মো ওচোয়া (মেক্সিকো)
পরাজিত দলে থেকেও ম্যান অব দ্য ম্যাচ! ওচোয়ার কীর্তিটা তাতে হয়ে উঠছে আরো বড়। জিওভানি দোস সান্তোসের গোলে এগিয়ে গিয়েছিল মেক্সিকো। এরপর তাদের কোয়ার্টার-ফাইনালে পথে টিকিয়ে রাখে ওচোয়ার বিশ্বস্ত গ্লাভসজোড়া। একের পর এক দুর্দান্ত সব সেভ করেছেন। কিন্তু যে গোলদুটো হয়েছে, তাতে ছিলেন অসহায়! আরেকটি ম্যাচসেরার পুরষ্কার নিয়ে তাই বিশ্বকাপকে বিদায় বলছেন ঝাঁকড়াচুলের ওচোয়া।
২৮ জুন, কলম্বিয়া-উরুগুয়ে
ম্যান অব দ্য ম্যাচ: হামেস রদ্রিগেস।
২০১৪ বিশ্বকাপের অন্যতম সেরা গোল করলেন হামেস রদ্রিগেস। বাঁ পায়ের ওই অনিন্দ্যসুন্দর ভলির পাশাপাশি সুযোগসন্ধানী আরেক গোলও তার নামের পাশে। কলম্বিয়াকে ২-০ ব্যবধানে জিতিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে তোলার সবচেয়ে বড় অবদান এই প্লে-মেকারেরই। চোখ ধাঁধানো পারফরম্যান্সের কারণে প্রতিপক্ষের কোচ তো রদ্রিগেসকে তুলনা করেছেন এমনকি দিয়েগো মারাদোনা সঙ্গেও!
২৮ জুন, ব্রাজিল-চিলি
ম্যান অব দ্য ম্যাচ: জুলিও সেজার (ব্রাজিল)
শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে চিলির মুরিসিও পিনিইয়া ও আলেক্সিস সানচেসের প্রথম দুটি শট ঠেকিয়ে ব্রাজিলের ত্রাতা জুলিও সেজার। ম্যাচ জুড়েও দুর্দান্ত কিছু সেভ করেছেন তিনি।
গ্রুপ পর্ব:
২৬ জুন, দক্ষিণ কোরিয়া-বেলজিয়াম
ম্যান অব দ্য ম্যাচ: ইয়ান ভার্টনেন (বেলজিয়াম)
প্রথমার্ধের শেষ মুহূর্তে মিডফিল্ডার স্টিভেন ডেফো লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় বেলজিয়াম। তবে একজন কম নিয়ে খেললেও কোনো বিপদ হতে দেননি ইয়ান ভার্টনেন। নির্ধারিত সময় শেষের ১২ মিনিট বাকি থাকতে তার জয়সূচক গোলের সুবাদেই শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ পর্ব শেষ করে ইউরোপের দলটি।
২৬ জুন, আলজেরিয়া-রাশিয়া
ম্যান অব দ্য ম্যাচ: ইসলাম স্লিমানি (আলজেরিয়া)
ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও স্লিমানির সমতাসূচক গোলেই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠে আলজেরিয়া।
২৬ জুন, যুক্তরাষ্ট্র-জার্মানি
ম্যান অব দ্য ম্যাচ : টমাস মুলার (জার্মানি)
ম্যাচে একমাত্র গোলদাতা টমাস মুলার। বিশ্বকাপে চতুর্থ গোল করে লিওনেল মেসি ও নেইমারের সঙ্গে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে উঠে এসেছেন তিনি।
২৬ জুন, পর্তুগাল-ঘানা
ম্যান অব দ্য ম্যাচ: ক্রিস্তিয়ানো রোনালদো (পর্তুগাল)
অবশেষে বিশ্বকাপে গোল পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। সেরা ফর্মে থাকলে এদিন হেসে-খেলে হ্যাটট্রিকও হতে পারত পর্তুগালের অধিনায়কের। সেটা না হলেও জয় নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার সান্ত্বনা থাকছে গতবারের ফিফা ব্যালন ডি’অর জয়ীর।
২৫ জুন, হন্ডুরাস-সুইজারল্যান্ড
ম্যান অব দ্য ম্যাচ: জেরদান শাচিরি (সুইজারল্যান্ড)
আগের দুই ম্যাচে গোল পাননি। এবার হ্যাটট্রিক করেই নিজের জাত চেনালেন জেরদান শাচিরি।
২৫ জুন, ইকুয়েডর-ফ্রান্স
ম্যান অব দ্য ম্যাচ: আলেকসান্দার দোমিনগেস (ইকুয়েডর)
ফ্রান্সকে হতাশায় ডুবিয়েছেন বারবার। ৯০ মিনিটে ৯টি সেভ করেছেন ইকুয়েডরের এই গোলরক্ষক। তাঁর কারণেই আগের দুই ম্যাচে আট গোল করা ফ্রান্স এই ম্যাচে গোলহীন।
২৫ জুন, নাইজেরিয়া-আর্জেন্টিনা
ম্যান অব দ্য ম্যাচ: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
আর্জেন্টিনার জাদুকরের আরেকটি জাদুকরী পারফরম্যান্স। প্রথমার্ধের শুরুতে ও শেষে দুই গোল। এর মধ্যে বিশ্বকাপের সেরা ফ্রি-কিকে হয়েছে পরের গোলটি।
২৫ জুন, বসনিয়া ও হার্জেগোভিনা-ইরান
ম্যান অব দ্য ম্যাচ: এদিন জেকো (বসনিয়া-হার্জেগোভিনা)
প্রথম দুই ম্যাচে গোল পাননি, দলও হেরেছে। অবশেষে বিশ্বকাপে গোল! দলের জয়ের পর তাই ম্যাচসেরা এদিন জেকো।
২৪ জুন, ইতালি-উরুগুয়ে
ম্যান অব দ্য ম্যাচ: জানলুইজি বুফফন (ইতালি)
দারুণ সব সেভ করে ইতালিকে রেখেছিলেন ম্যাচে। কিন্তু সতীর্থের লাল কার্ড, লুইস সুয়ারেসের কামড়-কান্ড, দিয়েগো গোদিনের হেড, সব কিছু মিলিয়ে পরাজয়েই শেষ হল জানলুইজি বুফ্ফনের বিশ্বকাপ অধ্যায়।
২৪ জুন, কোস্টারিকা-ইংল্যান্ড
ম্যান অব দ্য ম্যাচ: কেইলর নাভাস (কোস্টারিকা)
ইংল্যান্ডের বিশ্বকাপটা জয়হীন রাখলেন কোস্টারিকার গোলরক্ষক।
২৪ জুন, জাপান-কলম্বিয়া
ম্যান অব দ্য ম্যাচ: জ্যাকসন মার্তিনেস (কলম্বিয়া)
একাদশে সুযোগ পাচ্ছিলেন না। আর পেয়েই করলেন দুই গোল। দ্বিতীয় রাউন্ডে প্রথম একাদশে থাকার দাবিটাও জানিয়ে রাখলেন জ্যাকসন মার্তিনেস।
২৪ জুন, গ্রিস-কোত দি ভোয়া
ম্যান অব দ্য ম্যাচ: ইয়োরগিওস সামারাস (গ্রিস)
তাঁর পাস থেকেই দলের প্রথম গোল, এরপর জয়সূচক গোল করে দেশকে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে তোলেন গ্রিক ফরোয়ার্ড সামারাস। দিনটি ছিল ইয়োরগোস সামারাসেরই।
২৩ জুন, অস্ট্রেলিয়া-স্পেন
ম্যান অব দ্য ম্যাচ: দাভিদ ভিয়া (স্পেন)
স্পেনের মান বাঁচানো জয়। তাতে ব্যাকহিল ফ্লিকে দুর্দান্ত গোল করেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা দাভিদ ভিয়া।
২৩ জুন, নেদারল্যান্ডস-চিলি
ম্যান অব দ্য ম্যাচ: আরিয়েন রবেন (নেদারল্যান্ডস)
বহিষ্কারাদেশের কারণে এই ম্যাচে ছিলেন না রবিন ফন পের্সি। তবে পের্সির শূন্যতা বুঝতে দেননি বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড রবেন। তাই ম্যাচসেরা প্রশ্নে একতরফাভাবেই এগিয়ে ছিলেন তিনি।
২৩ জুন, ক্যামেরুন-ব্রাজিল
ম্যান অব দ্য ম্যাচ: নেইমার (ব্রাজিল)
এক ম্যাচ বিরতি দিয়ে আবারো জোড়া গোল। আবারো তাই ম্যান অব দ্য ম্যাচের দৌড়ে নেইমার অপ্রতিদ্বন্দ্বী।
২৩ জুন, ক্রোয়েশিয়া-মেক্সিকো
ম্যান অব দ্য ম্যাচ: রাফায়েল মার্কেস (মেক্সিকো)
নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। উপরে উঠে গোলও করেছেন মেক্সিকোর এই অধিনায়ক ডিফেন্ডার।
২২ জুন, যুক্তরাষ্ট্র-পর্তুগাল
ম্যান অব দ্য ম্যাচ: টিম হাওয়ার্ড (যুক্তরাষ্ট্র)
ক্রিস্তিয়ানো রোনালদোকে যে ‘ডাবল সেভ’-এ হতাশ করেছেন, সেটি ছিল অবিশ্বাস্য!
২২ জুন, বেলজিয়াম-রাশিয়া
ম্যান অব দ্য ম্যাচ: এডেন হ্যাজার্ড (বেলজিয়াম)
কেবল শেষ ১০ মিনিট স্বরূপে ছিলেন এডেন হ্যাজার্ড। তাতেই গড়েছেন পার্থক্য। গতি-ড্রিবলিংয়ে তাঁর অসাধারণ এক দৌড় হয়েছে জয়সূচক গোলের উৎস।
২২ জুন, দক্ষিণ কোরিয়া-আলজেরিয়া
ম্যান অব দ্য ম্যাচ: ইসলাম স্লিমানি (আলজেরিয়া)
১৯৮২ বিশ্বকাপের পর বিশ্বকাপে এই প্রথম জয় পেল আলজেরিয়া। জয়সূচক গোল করা ইসলাম স্লিমানি ম্যাচসেরা।
২১ জুন, আর্জেন্টিনা-ইরান
ম্যান অব দ্য ম্যাচ: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
আবারো আর্জেন্টিনার ত্রাতা মেসি। এবার ইনজুরি সময়ে অসাধারণ এক গোল করে জেতালেন দলকে।
২১ জুন, নাইজেরিয়া-বসনিয়া
ম্যান অব দ্য ম্যাচ: পিটার ওদেমউইঙ্গি (নাইজেরিয়া)
ওদেমউইঙ্গির একমাত্র গোলেই বসনিয়া-হার্জেগোভিনাকে হারায় আফ্রিকার চ্যাম্পিয়নরা।
২১ জুন, জার্মানি-ঘানা
ম্যান অব দ্য ম্যাচ: মারিও গোটসে (জার্মানি)
প্রথম ম্যাচে গোল না পেলেও ঘানার জালে বল পাঠালেন গোটসে। সঙ্গে তার সৃজনশীলতাও মুগ্ধ করেছে সবাইকে।
২০ জুন, ইতালি-কোস্টারিকা
ম্যান অব দ্য ম্যাচ: ব্রায়ান রুইস (কোস্টারিকা)
রুইসের জয়সূচক গোলে ইতালিকে হারিয়ে ‘ডি’ গ্রুপের মৃত্যুকূপ থেকে প্রথম দল হিসেবে নকআউট পর্বে উঠে চমক জাগায় কোস্টারিকা। ম্যাচ সেরার লড়াইয়েও ব্রায়ান রুইস তাই অপ্রতিদ্বন্দ্বী।
২০ জুন, সুইজারল্যান্ড-ফ্রান্স
ম্যান অব দ্য ম্যাচ: করিম বেনজেমা (ফ্রান্স)
টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার
২০ জুন, হন্ডুরাস-ইকুয়েডর
ম্যান অব দ্য ম্যাচ: এনের ভালেন্সিয়া (ইকুয়েডর)
হন্ডুরাসকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের সম্ভাবনা টিকে রইল ইকুয়েডরের। দুটি গোলই এনের ভালেন্সিয়ার।
১৯ জুন, কলম্বিয়া-কোত দি ভোয়া
ম্যান অব দ্য ম্যাচ: হামেস রদ্রিগেস (কলম্বিয়া)
টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন রদ্রিগেস। টানা দ্বিতীয় ম্যাচে সেরা খেলোয়াড়ও হলেন তিনি।
১৯ জুন, জাপান-গ্রিস
ম্যান অব দ্য ম্যাচ: কেইসুকে হোন্দা (জাপান)
প্রথম ম্যাচের মতো গোল পাননি। তবে ম্যাচ সেরার পুরষ্কার ঠিকই পেলেন কেইসুকে হোন্ডা।
১৯ জুন, উরুগুয়ে-ইংল্যান্ড
ম্যান অব দ্য ম্যাচ: লুইস সুয়ারেস (উরুগুয়ে)
ইনজুরি থেকে রূপকথার মতো প্রত্যাবর্তন। ইংল্যান্ডকে ২-১ গোলে হারানো ম্যাচে দুটি গোলই তার।
১৮ জুন ক্যামেরুন-ক্রোয়েশিয়া
ম্যান অব দ্য ম্যাচ: মারিও মানজুকিচ (ক্রোয়েশিয়া)
প্রথম ম্যাচে খেলতে পারেননি নিষেধাজ্ঞার খাঁড়ায়। ফিরেই করলেন জোড়া গোল করলেন মারিও মানজুকিচ।
১৮ জুন স্পেন-চিলি
ম্যান অব দ্য ম্যাচ: এদুয়ার্দো ভার্গাস (চিলি)
বিশ্বকাপে স্পেনকে টানা দ্বিতীয় হার উপহার দিল চিলি। তাতে এদুয়ার্দো ভার্গাসের গোলের ভূমিকা অনস্বীকার্য!
১৮ জুন অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস
ম্যান অব দ্য ম্যাচ : আরিয়েন রবেন (নেদারল্যান্ডস)
ডাচদের ফরোয়ার্ড লাইনের দু’জন ভাগাভাগি করে নিচ্ছেন ম্যাচ সেরা পুরষ্কার। আগের ম্যাচে রবিন ফন পের্সি, এই ম্যাচে আরিয়েন রবেন।
১৭ জুন, বেলজিয়াম-আলজেরিয়া
ম্যান অব দ্য ম্যাচ: কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম)
গোল পাননি ডি ব্রুইন; তবে তাঁর ভাসানো বলে হেড করেই সমতাসূচক গোলটি করেন মারুয়ান ফেলাইনি। আর ওই গোলেই পিছিয়ে পড়েও ম্যাচ জেতার রাস্তা প্রশস্ত হয় বেলজিয়ামের।
১৭ জুন, রাশিয়া-দক্ষিণ কোরিয়া
ম্যান অব দ্য ম্যাচ: সন হিউং মিন (দক্ষিণ কোরিয়া)
গোল না পেলেও অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা তিনি।
১৭ জুন, ব্রাজিল-মেক্সিকো
ম্যান অব দ্য ম্যাচ: গিয়েরমো ওচোয়া (মেক্সিকো)
প্রতিপক্ষ দলে কত নামী-দামী তারকা। সবাইকে গোলবঞ্চিত করে ম্যাচ সেরা মেক্সিকোর গোলরক্ষক। নেইমারের দারুণ হেডটি যেভাবে সেভ করলেন তা নিয়ে আলোচনা হবে বহুকাল।
১৬ জুন, ইরান-নাইজেরিয়া
ম্যান অব দ্য ম্যাচ: জন ওবি মিকেল (নাইজেরিয়া)
গোলশূন্য নিষ্প্রাণ ম্যাচে ‘সুপার ঈগল’দের এই মিডফিল্ডারই কিছুটা আলো ছড়িয়েছেন।
১৬ জুন, জার্মানি-পর্তুগাল
ম্যান অব দ্য ম্যাচ: টমাস মুলার (জার্মানি)
‘ফলস নাম্বার নাইন’ হিসেবে খেলতে নেমেই হ্যাটট্রিক! টমাস মুলার খেলেছেন আসল 'নাম্বার নাইন’-এর মতো।
১৬ জুন, ঘানা-যুক্তরাষ্ট্র
ম্যান অব দ্য ম্যাচ: ক্লিন্ট ডেম্পসি (যুক্তরাষ্ট্র)
ঘড়ির কাঁটা সেকেন্ড পেরিয়ে মিনিটে যাওয়ার আগেই গোল! বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দ্রুততম গোলের মালিক হলেন ক্লিন্ট ডেম্পসি।
১৫ জুন, সুইজারল্যান্ড-ইকুয়েডর
ম্যান অব দ্য ম্যাচ: জেরদান শাচিরি (সুইজারল্যান্ড)
বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড গতি-ড্রিবলিংয়ে কাঁপিয়েছেন প্রতিপক্ষের রক্ষণ। দলকে জিতিয়ে নিজে জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।
১৫ জুন, ফ্রান্স-হন্ডুরাস
ম্যান অব দ্য ম্যাচ: করিম বেনজেমা (ফ্রান্স)
ফ্রান্সের জার্সি গায়ে বেনজেমার এটি অন্যতম সেরা ম্যাচ। দুই গোল করেছেন, রেফারির রায়ে আরেকটি আত্মঘাতী গোল না হলে হ্যাটট্রিক হতে পারতো।
১৫ জুন, আর্জেন্টিনা-বসনিয়া হার্জেগোভিনা
ম্যান অব দ্য ম্যাচ: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
শুরু হয়ে গেল লিওনেল মেসির জাদুকরী প্রদর্শনী। তার অসাধারণ এক গোলে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আর্জেন্টিনা।
১৪ জুন, কোত দি ভোয়া-জাপান
ম্যান অব দ্য ম্যাচ: ইয়াইয়া তুরে (কোত দি ভোয়া)
সুনামের কারণেই হয়তো ম্যাচসেরা। কেননা ক্লাব ম্যানচেস্টার সিটির ফর্মের ছিটেফোটাও ছিল না তাঁর খেলায়।
১৪ জুন, কলম্বিয়া-গ্রিস
ম্যান অব দ্য ম্যাচ : হামেস রদ্রিগেস (কলম্বিয়া)
রাদামেল ফালকাওকে ভুলিয়ে দেওয়ার মতো পারফরম্যান্স। ছয় শট নিয়ে এক গোল। অসাধারণ এক ‘নাম্বার টেন’।
১৪ জুন, উরুগুয়ে-কোস্টা রিকা
ম্যান অব দ্য ম্যাচ: হোয়েল কাম্পবেল (কোস্টারিকা)
ব্রাজিল বিশ্বকাপে ছোট দলের কাছে বড় দলের প্রথম পরাজয়। উরুগুয়ে সেই তেতো স্বাদ পেল হোয়েল কাম্পবেলের দারুণ পারফরম্যান্সে। এই ম্যাচে গোলও করেছেন ফরোয়ার্ড কাম্পবেল।
১৪ জুন, ইংল্যান্ড-ইতালি
ম্যান অব দ্য ম্যাচ: মারিও বালোতেল্লি (ইতালি)
ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোল! ম্যাচসেরা হতে আর কী লাগে!
১৩ জুন মেক্সিকো-ক্যামেরুন
ম্যান অব দ্য ম্যাচ: জিওভান্নি দস সান্তোস (মেক্সিকো)
রেফারি-লাইন্সম্যানের ভুলে নিশ্চিত গোল পাননি। কিন্তু পুরো ম্যাচেই প্রতিপক্ষ রক্ষণভাগকে তটস্থ রেখেছিলেন এই মেক্সিকান।
১৩ জুন স্পেন-নেদারল্যান্ডস
ম্যান অব দ্য ম্যাচ: রবিন ফন পের্সি (নেদারল্যান্ডস)
তার মতো জোড়া গোল আরিয়েন রবেনেরও। অবিশ্বাস্য ওই হেডটির কারণেই হয়তো সতীর্থকে ছাড়িয়ে ম্যাচ সেরা রবিন ফন পের্সি।
১৩ জুন চিলি-অস্ট্রেলিয়া
ম্যান অব দ্য ম্যাচ: আলেক্সিস সানচেস (চিলি)
এক গোল করে দলের জয়ে অবদান রাখলেন সানচেস। বিশ্বকাপ অভিযানের শুরুটাও দারুণ হলো চিলির। ভাগ্য আরেকটু সহায় হলে গোল করতে পারতেন আরো।
১২ জুন ব্রাজিল-ক্রোয়েশিয়া
ম্যান অব দ্য ম্যাচ: নেইমার (ব্রাজিল)
দুই গোল করে নেইমার বিশ্বকাপটা শুরু করলেন স্বপ্নের মতো। স্বাগতিকদের শিরোপা-স্বপ্নে তাই লাগল উৎসবের রঙ।
