সুয়ারেসবিহীন উরুগুয়েকেও ভয় পেকারমানের
গুরুত্বপূর্ণ এক ম্যাচে প্রতিপক্ষের মূল ভরসাই নেই, কলম্বিয়া দলে স্বস্তির একটা বাতাসই বয়ে যাওয়ার কথা। কিন্তু কলম্বিয়ার কোচ হোসে পেকারমান মনে করেন, লুইস সুয়ারেসকে ছাড়াও উরুগুয়ে কঠিন প্রতিপক্ষ।
রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে উরুগুয়ে ও কলম্বিয়া। নিষেধাজ্ঞার কারণে এই সুয়ারেসকে হারিয়ে এই ম্যাচের আগে একটু যেন এলোমেলো হয়ে পড়েছে উরুগুয়ে।
পেকারমান এটাকে কোনো বাড়তি সুবিধা মনে করেন না।
"আপনি যেভাবেই দেখেন না কেন, যেকোনো পরিস্থিতিতেই তারা কঠিন প্রতিপক্ষ।"
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনিকে কামড় দেয়ার দায়ে ফিফা সুয়ারেসকে ৪ মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করেছে। উরুগুয়ের হয়ে আগামী ৯ ম্যাচের জন্যও নিষিদ্ধ তিনি।
চোটের কাছে দলের সবচেয়ে বড় তারকা রাদামেল ফালকাওকে হারিয়ে বিশ্বকাপে আসা কলম্বিয়া সবাইকে একটু অবাকই করেছে এবার। পুরো ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে উঠেছে তারা।
অন্য দিকে উরুগুয়ে দ্বিতীয় পর্বে উঠেছে অনেক নাটকীতায়। নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল বিশ্বকাপের বিস্ময় কোস্টা রিকার কাছে হেরে গিয়েছিল উরুগুয়ে। এর পর সুয়ারেসের জোড়া গোলে ইংল্যান্ডকে হারানো লাতিন আমেরিকার দেশটি গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালির বিপক্ষে ১-০ গোলে জিতে নকআউটে ওঠে।
"ওদের সব খেলোয়াড়রা একে অপরকে খুব ভালোভাবে জানে। কারণ, গত আট বছরে কোনো পরিবর্তন না করেই তাদের কোচ একটি নিরেট দল গড়ে তুলেছে। এটাই তাদের খেলোয়াড়দের নিজেদের খেলার ধরণে বিশ্বাস এনে দিয়েছে।"
উরুগুয়ের বিশেষ একটি শক্তিও পেকারমানকে ভাবিয়ে তুলছে। অস্কার তাবারেসের দলটি হেডে খুব ভালো। ইতালির বিপক্ষে তাদের নকআউটে তুলে দেয়া গোলটিও দিয়েগো গদিন হেড থেকেই করেন।
উরুগুয়ের রক্ষণটাও খুব গোছানো আর শক্ত বলেই মনে করেন পেকারমান। তবে এ নিয়ে খুব বেশি চিন্তা করার কারণ নেই কলম্বিয়া কোচের। তার ফরোয়ার্ডরা গোলের মধ্যেই আছেন। গ্রুপ পর্বের ৩ ম্যাচে ৯টি গোল পেয়েছে তারা।
