ঠোঁটের ভাষা পড়ায় ক্ষুব্ধ স্কলারি
ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের সময় নেইমারদের মুখ ঢেকে কথা বলতে দেখা গেছে। কারণটা জানা গেল এবার, ব্রাজিলের কিছু টিভি চ্যানেল ‘লিপ রিডিং’ পদ্ধতি ব্যবহার করে নেইমার-স্কলারিরা কি বলছেন তা অনুষ্ঠানে বলে দিচ্ছে।
ব্রাজিল ও ক্রোয়েশিয়ার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের সময় খেলোয়াড়দের উদ্দেশ্যে ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারি যেসব কথা বলেছিলেন তার অনেক কিছুই সম্প্রতি গ্লোবো টিভি তাদের একটি অনুষ্ঠান ‘ফান্তাসতিকো’য় প্রচার করে। ওই ম্যাচে ৩-১ গোলে জেতে স্বাগতিক ব্রাজিল।
টিভি চ্যানেলটি কোচ ও খেলোয়াড়দের ঠোঁটের ভাষা পড়তে লিপ রিডার বা ঠোঁটের ভাষা পড়ায় বিশেষজ্ঞদের সাহায্য নেয়।
এই ঘটনায় ভীষণ বিরক্ত ও ক্ষুব্ধ স্কলারি প্রকাশ্যেই ওই টিভি চ্যানেলের সমালোচনা করেন।
ক্যামেরুনের বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচের পর স্কলারি বলেন, এই ঘটনার পর খেলোয়াড়রা মাঠে স্বাধীনভাবে আর কাজ করতে পারবে না।
শুধু কোচ নয়, ব্রাজিলের খেলোয়াড়েরাও টিভি চ্যানেলগুলোর এই কাণ্ডে বিরক্ত হয়েছে। আশপাশে টিভি ক্যামেরা থাকলে তাই তারা কথা বলছেন মুখ ঢেকে অথবা পেছন ফিরে।
