জয়ই মুখ্য বেলজিয়ামের
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠার পরও সমালোচনার তির সামলাতে হচ্ছে বেলজিয়ামকে। সমালোচকদের কথা, বাজিকরদের কাছে বিশ্বকাপের পঞ্চম ফেভারিট দলটি ভালো ফুটবল উপহার দিতে পারছে না। বেলজিয়ামের কোচ আর খেলোয়াড়রা জানালেন-সুন্দর ফুটবল নয়, জয়ই তাদের কাছে মুখ্য।
অনভিজ্ঞ একটি দল নিয়ে ব্রাজিল বিশ্বকাপে এলেও বেলজিয়ামের কাছে মানুষের প্রত্যাশা অনেক। বাছাইপর্বে অসাধারণ ফুটবল খেলে ৯ ম্যাচে ৮টি জয় ও ১টি ড্র নিয়ে মূল মঞ্চে এসেছে তারা।
বাছাইপর্বের এই পারফরম্যান্সই বেলজিয়ামকে বাজিকরদের পঞ্চম ফেভারিট করে দিয়েছে। কিন্তু ব্রাজিলে পা রেখে যেন বেলজিয়াম তাদের সেই জাদুর স্পর্শটা হারিয়ে ফেলেছে।
বৃহস্পতিবার সাও পাওলোর আরেনা দে সাও পাওলোতে 'দুর্বল' দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অনেক কাঠখড় পুড়িয়েই তবে ১-০ গোলের জয় পেয়েছে বেলজিয়াম। এই ম্যাচটির পর সমালোচকদের খড়্গ আরো উঁচু হয়েছে।
ম্যাচ শেষে অবশ্য দলটির মিডফিল্ডার মুসা দেম্বেলে এই সমালোচনায় কান না দিয়ে নিজেদের আনন্দের কথাই বললেন।
"এটা ঠিক যে, আজ (বৃহস্পতিবার) আমরা মনোরঞ্জনী ফুটবল খেলতে পারিনি। তবে নয় পয়েন্টের মধ্যে নয় পেয়েই আমরা খুশি। প্রতি ম্যাচ জিতে আমরা আরো আত্মবিশ্বাসী হচ্ছি।"
এই পরিবর্তন কিছুটা হলেও খেলায় প্রভাব ফেলেছে স্বীকার করলেও তিনিও সুন্দর ফুটবলের চেয়ে জয়েই বেশি বিশ্বাসী।
“সুন্দর ফুটবল খেলা বলতে কি বোঝায়? প্রত্যেকটি ম্যাচই কৌশল ও ফিটনেসের ওপর ভিত্তি করে আলাদা। শেষাবধি ফলটাই গুরুত্বপূর্ণ, যেভাবেই খেলুন, জয়টাই মুখ্য। আমরা এখানে অন্য দলকে দেখতে আসিনি, এসেছি জিততে।”
