সতীর্থের শটে বিশ্বকাপ অনিশ্চিত বাবাতুন্দের
বিশ্বকাপ থেকে দুর্ভাগ্যজনক বিদায় নিতে হতে পারে নাইজেরিয়ার মাইকেল বাবাতুন্দের। আর্জেন্টিনার বিপক্ষে সতীর্থ ওগেনি ওনাজির তীব্র গতির শটে হাতে চোট পেয়েছেন এই মিডফিল্ডার।
বুধবার আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলে হারা ম্যাচে ৬৬তম মিনিটে চোট পেয়ে মাঠে ছাড়েন বাবাতুন্দে।
৬৬তম মিনিটে ডি বক্সের ঠিক বাইরে থেকে তীব্র গতির শট নিয়েছিলেন ওনাজি। লাইন থেকে সরে যেতে পারেননি বাবাতুন্দে, বল হাতে লাগার পর স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।
নাইজেরিয়ার প্রথম গোলটি শোধে অবদান ছিল বাবাতুন্দের। তার পাস থেকেই সের্হিও রোমেরোকে পরাস্ত করেছিলেন আহমাদ মুসা।
বাবাতুন্দের ফেরার খুব একটা আশা দেখছেন না নাইজেরিয়ার কোচ স্টিভেন কেশি। তার ধারণা, হাত ভেঙে গেছে বাবাতুন্দের, অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে এই মিডফিল্ডারের।
বাবাতুন্দে বিশ্বকাপে আর খেলতে পারবেন কি না সে ব্যাপারে নিশ্চিত না হলেও তার জন্য অপেক্ষা করবেন বলে জানান কেশি।
আর্জেন্টিনার কাছে হারলেও গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে উঠেছে নাইজেরিয়া। শেষ ষোলোয় আফ্রিকার চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
