জ্বলে উঠলেন জেরদান শাচিরিও
ব্রাজিলের যেমন নেইমার, আর্জেন্টিনার লিওনেল মেসি; সুইজারল্যান্ডের তেমনি জেরদান শাচিরি। কিন্তু সুইজারল্যান্ডের এই বিশ্বকাপ-ভরসা প্রথম দুই ম্যাচে পর্তুগালের রোনালদোর মতো নিষ্প্রভ হয়েই ছিলেন। তবে দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন শাচিরি। অসাধারণ এক হ্যাটট্রিক করে জানান দিলেন, মেসি-নেইমারের সঙ্গে তিনিও আছেন।
কসোভোয় জন্ম নেয়া শাচিরির খেলা দেখে সুইজারল্যান্ডের মানুষ আপ্লুত হয়। বল নিয়ে তার কারিকুরি দেখে তারা মুগ্ধ হয়ে ভাবে, তাদের বিশ্বকাপ-স্বপ্নের বাহক হয় ফুটবল-পাঠ নিয়েছেন দক্ষিণ আমেরিকার রাস্তায়।
১৮ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় শাচিরির। ২০১১ সালে সেই সেই তরুণ বয়সেই সুইজারল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি।
সেই থেকেই ২২ বছর বয়সী শাচিরি তার প্রতিভার ঝলক দেখিয়ে আসছেন। বুলগেরিয়ার বিপক্ষে ইউরো ২০১২-এর বাছাইপর্বে দারুণ এক হ্যাটট্রিক করেন। বায়ার্ন মিউনিখের হয়েও মাঝেমধ্যেই জ্বলে উঠছেন এই সুইস তারকা।
শাচিরির সমস্যা একটাই-ক্লাব, কি বিশ্বমঞ্চ, কোথাও তিনি ধারাবাহিক নন। গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে তেমন ভালো কিছু করতে পারেননি। পেশির চোটে ভুগেছেন অনেক দিন। সব মিলিয়ে তাকে ঘিরেও একটা কথা ভেসে বেড়াচ্ছিল-আরো অনেক প্রতিভার মতো শাচিরিও হয়ত বিকশিত না হওয়া ঝরে পড়া ফুল হবেন।
ব্রাজিল বিশ্বকাপে সুইজারল্যান্ডের প্রথম দুই ম্যাচের পর এটি আরো বেশি করে উঠতে শুরু করে। প্রত্যাশার ভার সইতে না পেরে বুধবার মানাউসে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচের আগে তিনি অভিযোগের সুরে বলেছিলেন, বিষয়টি তার ওপরে নেই। তাকে নিয়ে একটু বেশিই সমালোচনা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মানাউসেই জ্বলে উঠলেন শাচিরি। এত দিন সবাই যেটা প্রত্যাশা করে আসছিলেন, সেটা মেটালেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে ৫০তম হ্যাটট্রিক উপহার দিয়ে দলকে তুলে নিলেন দ্বিতীয় রাউন্ডে।
ষষ্ঠ মিনিটে তার করা প্রথম গোল ইরানের বিপক্ষে মেসির গোলটিকে মনে করিয়ে দিয়েছে সবাইকে। টাচলাইনের কাছ থেকে বল নিয়ে পাহারায় থাকা খেলোয়াড়কে ছিটকে ফেলেন শাচিরি। এর পর ২৫ মিটার দূর থেকে কামান-গতির শটে বল হন্ডুরাসের জালে পাঠান।
পরের গোলটি নিখুঁত ফিনিশিংয়ের অসাধারণ এক উদাহরণ হয়ে থাকবে। এর পর ইয়োসিপ দারমিচের পাস থেকে ১৯৫৪ সালের পর সুইজারল্যান্ডের হয়ে প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন শাচিরি।
দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ড মুখোমুখি হবে আর্জেন্টিনার। আগামী মঙ্গলবারের এই ম্যাচে কী আবার জ্বলে উঠতে পারবেন শাচিরি?
