২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদো ও জিয়ানের রেকর্ডের হাতছানি

'জি' গ্রুপ থেকে কোন দুটি দল দ্বিতীয় রাউন্ডে উঠবে, তা অনেক হিসেবের মধ্যে পড়ে গেছে। বৃহস্পতিবার ঘানার বিপক্ষে পর্তুগাল জিতলেই যে নকআউটে উঠবে এর নিশ্চয়তা নেই। ঘানার বেলায়ও তাই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 04:03 PM

Updated : 13 Oct 2022, 12:17 PM

এই সব সমীকরণের মধ্যেই আবার দুই দলে ব্যক্তিগত দুটি মহাদেশীয় রেকর্ডের হাতছানি আছে। এই ম্যাচে গোল পেলেই পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো ৬টি বড় টুর্নামেন্টে গোল করার কৃতিত্ব দেখানো এখন পর্যন্ত একমাত্র ইউরোপীয় খেলোয়াড় ক্লিন্সমানের পাশে নাম লেখাবেন। আর এই ম্যাচে গোল পেলেই রজার মিলাকে (৫টি) ছাড়িয়ে বিশ্বকাপে আফ্রিকার সর্বোচ্চ গোলদাতা হবেন ঘানার আসামোয়াহ জিয়ান।    

'জি' গ্রুপের পর্তুগাল-ঘানা ম্যাচ নিয়ে আরো কিছু তথ্য:

স্টেডিয়াম: স্তাদিও নাসিওনাল, ব্রাজিলিয়া

ধারণক্ষমতা: ৬৯ হাজার ৩৪৯

ম্যাচ শুরু: বৃহস্পতিবার রাত ১০টা (বাংলাদেশ সময়)

রেফারি: নওয়াফ শুকরাল্লা (বাহরাইন)

# ফিফা-ব্যালন ডি'অর জয়ী ক্রিস্তিয়ানো রোনালদো পর্তুগালের হয়ে ষষ্ঠ বড় কোনো টুর্নামেন্টে খেলছেন, এর আগের পাঁচটির সবকটিতেই একটি হলেও গোল পেয়েছেন তিনি।

# ব্রাজিলে প্রথম দুই ম্যাচে গোল না পাওয়া রোনালদো ঘানার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষের জালের ঠিকানা পেলেই একটি ইউরোপীয় রেকর্ড ছুঁতে পারবেন। এর আগে জাতীয় দলের হয়ে ৬টি বড় টুর্নামেন্টে গোল পাওয়া একমাত্র ইউরোপিয়ান খেলোয়াড় জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সমান।

# রেকর্ডের হাতছানি ঘানার আসামোয়াহ জিয়ানের সামনে। আগের ম্যাচে জার্মানির বিপক্ষে গোলটি বিশ্বকাপে তার পঞ্চম। বিশ্বকাপে আফ্রিকার সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি আপাতত রজার মিলার সঙ্গে ভাগাভাগি করছেন তিনি।