২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইকুয়েডরে থামল ফ্রান্সের জয়যাত্রা

দশ জনের দল নিয়েও ফ্রান্সের গোল উৎসব ঠেকিয়েছে ইকুয়েডর। সাবেক চ্যাম্পিয়নদের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর বিদায় নিতে হয়েছে লাতিন আমেরিকার দেশটিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 04:07 AM

Updated : 13 Oct 2022, 12:17 PM

৩ খেলায় ৭ পয়েন্ট নিয়ে 'ই' গ্রুপের শীর্ষ দল হিসেবেই শেষ ষোলোয় পৌঁছেছে ফ্রান্স। অন্য খেলায় জেরদান শাচিরির হ্যাটট্রিকে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে তাদের সঙ্গী সুইজারল্যান্ড।

দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের প্রতিপক্ষ নাইজেরিয়া। সুইজারল্যান্ড খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।

বুধবার রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে নবম মিনিটেই প্রথম সুযোগ পেয়েছিল ফ্রান্স। আন্তোয়ান গ্রিজমানের শট বারের উপর দিয়ে চলে গেলে সুযোগ হারায় তারা।

ছয় মিনিট পর মুসা সিসোকোর একটি প্রচেষ্টা ঝাঁপিয়ে পড়ে ব্যর্থ করে দেন আলেকসান্দার দোমিনগেস।

২১তম মিনিটে প্রথম সুযোগটি পেয়েছিল ইকুয়েডর। মাঝমাঠে ব্লেজ মাতুউদির ভুল পাস থেকে আক্রমণে উঠে লাতিন আমেরিকার দেশটি। ভালেন্সিয়া তীব্র গতিতে ঢুকে পড়েছিলেন বক্সে। কিন্তু লরাঁ কোসিয়েলনির বাধায় কোনো বিপদ ঘটাতে পারেননি তিনি।

৪১তম মিনিটে আবার ইকুয়েডরের ত্রাতা দোমিনগেস। কর্নার থেকে পগবার হেড ব্যর্থ করে দেন তিনি।

দুই মিনিট পর উগো লিওরিসের দৃঢ়তায় বেঁচে ফ্রান্স। ভালেন্সিয়ার হেড ঠিক লাইনের সামনে থেকে ফেরান টটেনহাম হটস্পারের এই গোলরক্ষক।

৫০তম মিনিটে ভালেন্সিয়ার লাল কার্ড দশ জনের দলে পরিণত করে ফ্রান্সকে। তবে হাল ছাড়েনি দলটি।

৫৪তম মিনিটেই চমৎকার একটি সুযোগ পেয়েছিল তারা। এনের ভালেন্সিয়ার কাছ থেকে বল পেয়েছিলেন ক্রিস্তিয়ান নবোবা। কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি তিনি।

বিশ্বকাপে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না ইকুয়েডরের। তাই দশ জনের দলে পরিণত হলেও আক্রমণাত্মক ফুটবল খেলে দলটি। প্রতি আক্রমণ থেকে অসংখ্য সুযোগ পেয়েছিল ফ্রান্স।

কিন্তু দোমিনগেসের দৃঢ়তা আর ফ্রান্সের ফরোয়ার্ডদের ব্যর্থতায় এর একটিও কাজে লাগাতে পারেনি তারা।

প্রথম ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারানোর পর সুইজারল্যান্ডকে ৫-২ গোলে বিধ্বস্ত করে ফ্রান্স। এ ম্যাচে গোল না পাওয়ায় তাই হতাশ ফ্রান্স দল।