২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন বুট নয়, শিরোপা চাই মুলারের

গতবার পাঁচ গোল করে জিতেছিলেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুট। এবারো তিন গোল করে শীর্ষ গোলদাতাদের কাতারেই আছেন তিনি। তবে গোল্ডেন বুট নিয়ে মোটেও আগ্রহী নন জার্মানির ফরোয়ার্ড টমাস মুলার, তার চাই শিরোপা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 02:05 AM

Updated : 13 Oct 2022, 12:17 PM

বিশ্বকাপে দেশের হয়ে আট ম্যাচে মুলারের গোল সংখ্যা আট।

“টুর্নামেন্টে শীর্ষ গোলদাতা হওয়া আমার লক্ষ্য নয়- আমি বিশ্বকাপ জিততে চাই।” একটু হেসে তিনি যোগ করেন, “চার বছর আগে আমি গোল্ডেন বুট জিতেছিলাম, দ্বিতীয়টি নিয়ে আমি কি করবো।”

২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ও ছিলেন মুলার।

এবার প্রথম দুই ম্যাচে তিন গোল করা মুলারের চেয়ে এগিয়ে আছেন কেবল নেইমার ও মেসি। ব্রাজিল ও আর্জেন্টিনার সবচেয়ে বড় দুই তারকার গোল চারটি।

যা এখনো অর্জন করতে পারেননি তাই-ই মুলারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, বিশ্বকাপ জয়ের পথে যদি আরো এক বা দুটি গোল করতে পারেন তাহলে দলের জন্য ভালো হবে।

দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে বৃহস্পতিবার ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে জার্মানি। আপাতত মুলারদের নজর রেসিফির সেই ম্যাচের দিকে।