২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে মোনদ্রাওনের রেকর্ড

বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ড এখন কলম্বিয়ার ফারিদ মোনদ্রাওনের। ক্যামেরুনের রজার মিলার রেকর্ডটি মঙ্গলবার নিজের করে নিয়েছেন ৪৩ বছর বয়সী এই গোলরক্ষক। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 01:22 AM

Updated : 13 Oct 2022, 12:17 PM

১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে খেলার সময়ে মিলার বয়স ছিল ৪২ বছর।

জাপানের বিপক্ষে ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে ৮৫তম মিনিটে দাভিদ ওসপিনার বদলি হিসেবে মোনদ্রাওনকে নামান কোচ হোসে পেকারমান। আগেই দ্বিতীয়পর্ব নিশ্চিত করা কলম্বিয়া সে সময়ে ৩-১ গোলে এগিয়ে ছিল।

রেকর্ডটি গড়তে পেরে কোচ পেকারমানের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই মোনদ্রাওনের। সুযোগটি দেয়ায় তিনি জড়িয়ে ধরেছিলেন কোচকে।

“তিনি চাইলে অনেক আগেই অন্য কোনো খেলোয়াড়কে বদলি নামাতে পারতেন। এটা ছিল আমার জন্য পুরস্কারের মত।”  

গত শনিবার ছিল মোনদ্রাওনের জন্মদিন। চোখে জল নিয়ে কলম্বিয়ার এক নম্বর গোলরক্ষকের বদলি নামেন তিনি।

কলম্বিয়ান খেলোয়াড় ও ভক্তরা গত কয়েকদিন ধরেই মোনদ্রাওনকে রেকর্ড গড়তে দেয়ার জন্য তাগাদা দিচ্ছিল। তবে এই ব্যাপারে নিশ্চুপ ছিলেন আর্জেন্টিনার এই কোচ।

সংবাদ সম্মেলনে পেকারমান জানান, সঠিক সময়ের জন্য তারা অপেক্ষা করছিলেন। মঙ্গলবারই সেই সুযোগটি চলে আসে। সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে খেলার রেকর্ড গড়ার জন্য গোলরক্ষককে কয়েক মিনিটের জন্য নামান তিনি।

১৯৯৪ ও ১৯৯৮ সালের বিশ্বকাপ দলেও ছিলেন মোনদ্রাওন। ১৯৯৮ সালে তিন ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি।