সুয়ারেসের কামড় নিয়ে বাজিতে অর্থপ্রাপ্তি!
লুইস সুয়ারেসের কামড় খেয়ে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনি যখন হতভম্ব, ঠিক ওই সময়ে অপ্রত্যাশিত বাজি জিতে আনন্দে লাফাচ্ছিল স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের কিছু মানুষ। সুয়ারেসের ওই কামড়ে যে তাদের পকেটে ঢুকেছে মোটা অঙ্কের বাজির টাকা।
কিয়েল্লিনিকে সুয়ারেসের কামড় আর বাজি জেতার ঘটনাটা ঘটে মঙ্গলবার বিশ্বকাপে ইতালি-উরুগুয়ে ম্যাচে। শেষ বাঁশির ১০ মিনিট বাকি থাকতে কিয়েল্লিনির সঙ্গে ধাক্কাধাক্কির এক পর্যায়ে হঠাৎ করেই তার কাঁধে কামড় দিয়ে বসেন সুয়ারেস।
বিশ্বকাপ চলার সময় সুয়ারেস প্রতিপক্ষের কোনো খেলোয়াড়কে কামড়াবে- এর উপর ১৭৫/১ দরে বাজি ধরার প্রস্তাব দিয়েছিল অনলাইনভিত্তিক বাজি ধরার প্রতিষ্ঠান ‘বেটসেফ’।
সুইডেনের ইওনাথন ব্রায়েক নামের একজন ৮০ সুইডিশ ক্রাউন (১২.০৪ ডলার) বাজি ধরে জিতেছেন ১৪ হাজার ক্রাউন। বেটসেফও ব্রায়েকের বাজি জেতার খবর নিশ্চিত করেছে।
বাজি জিতে উৎফুল্ল ওই সুইডিশ তার দেশের একটি পত্রিকাকে বলেন, “প্রথমে আমি আরেকটু বেশি বাজি ধরার চিন্তা করেছিলাম কিন্তু এক বন্ধু বলে আমি টাকাটা নষ্ট করছি।”
বাজিতে জেতা এই অর্থ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা দেখতে ইংল্যান্ডে যেতে চান ব্রায়েক। তবে যার কাণ্ডে বাজি জিতলেন সেই সুয়ারেসকে দেখতে লিভারপুলে যাওয়ার কোনো ইচ্ছাই নেই ব্রায়েকের।
তবে সুয়ারেসের বাড়ির ঠিকানা থাকলে তাকে ধন্যবাদ জানিয়ে একটা কার্ড পাঠানোর ইচ্ছার কথা বলেন সুইডেনের ওই নাগরিক।
বেটসেফের এমন অদ্ভুত বাজির প্রস্তাবের যথেষ্ট কারণও ছিল। এর আগে দুই দুইবার কামড়ানোর জন্য নিষিদ্ধও হয়েছিলেন সুয়ারেস।
গত বছর ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড়ে দিয়ে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি।
আর ২০১০ সালে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স আমস্টারডমে হয়ে খেলার সময় পিএসভি আইন্দহোভেনের অটমান বাকালকে কামড়ানোর কারণে ৭ ম্যাচ নিষিদ্ধ হন।
