২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোযোগ ধরে রাখায় গুরুত্ব গ্রিক কোচের

ইতিহাস গড়ে নকআউট পর্বে ওঠার পর গ্রিসের খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ হলেন কোচ ফের্নান্দো সান্তোস। তবে সবাইকে সতর্কও করে দিয়েছেন, অতি উচ্ছ্বাসে মনোযোগটা যাতে নড়ে না যায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 04:28 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

ফরতালেজার স্তাদিও কাস্তেলাওয়ে তিন বার পোস্ট গোলবঞ্চিত করে গ্রিকদের। তবে শেষ মুহূর্তের পেনাল্টি থেকে সাবেক ইউরো চ্যাম্পিয়নরা শেষ ষোলেতে জায়গা করে নেয়।

প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে এবং দ্বিতীয় ম্যাচে জাপানের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ার প্রান্তে এসে পড়েছিল গ্রিস। বাছাইপর্বে ১০ ম্যাচে মাত্র ৪টি গোল খাওয়া গ্রিসের এই অবস্থা মনোযোগের অভাবে হয়েছিল বলেই মনে করেন সান্তোস।

কোত দি ভোয়ার (আইভরি কোস্ট) বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচের আগে খেলোয়াড়দের শুধু মনোযোগ ধরে রাখার পরামর্শই দিয়েছিলেন গ্রিসের পর্তুগিজ কোচ। তৃতীয় বিশ্বকাপ খেলতে এসে এই প্রথমবারের মতো শেষ ষোলোতে ওঠা গ্রিসের খেলোয়াড়দের  পরবর্তী ম্যাচের জন্যও এই একই বার্তা পৌঁছে দেন সান্তোস।

"খেলোয়াড়দের প্রথমে আমি বলতে চাই, আমাদের মনোযোগী হওয়া প্রয়োজন।"

গ্রিস ইতিহাস গড়েছে ঠিক, কিন্তু তাই বলে অতি আবেগে ভেসে যাওয়ার লোক সান্তোস নন।

"জিতলে পাগলের মতো উদযাপন করার লোক আমি নই, হারলে আবার হতাশও হয়ে পড়ি না।"

আগামী রোববার শেষ ষোলোর ম্যাচে গ্রিসের প্রতিপক্ষ কোস্টা রিকাকে শক্তিশালী দলই মনে করছেন সান্তোস।

"কোস্টা রিকা 'গ্রুপ অব ডেথ' থেকে এসেছে। এই দলটিকে গ্রুপের সবচেয়ে দুর্বল ধরা হয়েছিল এবং তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হলো। যে দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে, সেটা অবশ্যই শক্তিশালী দল।"