উরুগুয়েকে পেকারমানের আগাম চ্যালেঞ্জ
গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জয়ের পর আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে কলম্বিয়ার। শেষ ষোলোর প্রতিপক্ষ উরুগুয়েকে আগাম চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন দেশটির কোচ হোসে পেকারমান।
মঙ্গলবার কুইয়াবার আরেনা পানতানালে এশিয়ার চ্যাম্পিয়ন জাপানকে ৪-১ গোলে হারিয়ে পুরো ৯ পয়েন্ট নিয়ে নকআউটে উঠেছে কলম্বিয়া।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে পেকারমান বেশি কথা বলেন তাদের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ নিয়ে। আগামী শনিবারের এই ম্যাচে উরুগুয়ে শক্ত এক প্রতিপক্ষকে দেখবে বলে হুমকি দিয়ে রাখেন তিনি।
"তিনটি ম্যাচেই জয় আমাদের বিশ্বাসটা আরো বাড়িয়ে দিয়েছে। সত্যি, আমরা খুব আত্মবিশ্বাসী বোধ করছি। আমরা আরেকবার প্রমাণ করলাম, কলম্বিয়া শক্ত একটি দল। উরুগুয়ের জন্য আমরা কঠিন এক প্রতিপক্ষ হব বলেই মনে করছি।"
অতীত অভিজ্ঞতা পেকারমানকে অতি আত্মবিশ্বাসী হতে দিচ্ছে না।
"আমরা দক্ষিণ আমেরিকার অন্যতম বড় একটি দলকে মোকাবেলা করব। তাদের সমৃদ্ধ ইতিহাস আর অসাধারণ কিছু খেলোয়াড় এবং অভিজ্ঞতা আর সহজে হাল না ছাড়ার মানসিকতা আছে তাদের।"
রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় উরুগুয়ের মুখোমুখি হবে কলম্বিয়া।
