২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসনিয়া-ইরান, দুই দলের দুই লড়াই

শুধু জিতলেই চলবে না ইরানের, আর্জেন্টিনার কাছে হারতে হবে নাইজেরিয়াকে। তারপরও থাকতে পারে গোল পার্থক্য, বেশি গোল দেয়া, এমনকি লটারির হিসেবও। তবে সালভাদরের ফন্তে নোভা অ্যারেনায় বাংলাদেশ সময় বুধবার রাত দশটায় মাঠে নামার আগে ইরানের মাথায় অতসব নেই নিশ্চিতভাবে। তারা শুধু জানে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে জিততে হবে। জিতলেই কেবল টিকে থাকবে ব্রাজিল বিশ্বকাপে টিকে থাকার সম্ভাবনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 02:33 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

নাইজেরিয়ার সঙ্গে ড্র এবং আর্জেন্টিনার বিপক্ষে বীরত্বপূর্ণ হারের পর ইরান ক্যাম্পে আত্মবিশ্বাসের কমতি নেই। শেষ ম্যাচে মরণকামড় দিয়ে জয় ছিনিয়ে নেওয়াটা তাদের কাছে অসম্ভব না।

কিন্তু বসনিয়া-হার্জেগোভিনাও কি একটা শেষ চেষ্টা করবে না? তাদের চেষ্টা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার নয়, আত্মমর্যাদা ফেরানোর। এই গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গী হিসেবে দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিয়ে ইউরোপের এই দেশটি ছিল ফেভারিট। এমনকি প্রথম ম্যাচে ‘আলবিসেলেস্তে’দের কাছে হেরে যাওয়ার পরও সেই বিশ্বাসে ঘুণ ধরেনি, বরং পোক্ত হয়েছিল তা। কারণ দুর্দান্ত লড়াই করেই যে হেরেছিল তারা! সেই বসনিয়া-হার্জেগোভিনার পরের ম্যাচে নাইজেরিয়ার কাছে হারটা তাই কিছুটা হলেও চমকে দেয় সবাইকে। যে চমকের হাত ধরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে এদিন জেকোর দল। বাড়ি ফেরার আগে ইরানের বিপক্ষে জিতলে তাই অন্তত কিছুটা মুখরক্ষা হয়।

সেই জেতাটা ইরানের বিপক্ষে সহজ হবে না। এমনিতে মুখোমুখি লড়াইয়ে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে পাঁচ ম্যাচের মধ্যে চার জয় এশিয়ার দেশটি, ড্র অন্যটি। তার উপর কোচ কার্লোস কেইরোস বর্তমান দলের রক্ষণভাগকে করে তুলেছেন প্রায় নিচ্ছিদ্র। এই নিয়ে চতুর্থ বিশ্বকাপ খেলছে এশিয়ার দেশটি। কিন্তু ১৯৭৮ সালে অভিষেকের পর এবারই প্রথম কোনো ম্যাচে নিজেদের জাল সুরক্ষিত রেখেছে তারা। শুধু নাইজেরিয়ার বিপক্ষে কেন, আর্জেন্টিনার বিপক্ষেও তো সেই কীর্তির পুণরাবৃত্তি করেছিল প্রায়। ৯০ মিনিট আটকে রেখে ইনজুরি সময়ে লিওনেল মেসির অসাধারণ শটে পরাস্ত হয় অবশেষে।

দু’বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে শুধু মাটি কামড়ে রক্ষণ সামলায়নি ইরান; সময়-সুযোগ পেলে উঠেছে আক্রমণেও। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচের আগে যেটি প্রেরণা দিচ্ছে কোচ কেইরোসকে, “প্রমাণ করেছি যে, আমরা রক্ষণ সামলেছি সবসময় আর্জেন্টিনার গোলের দিকে এক চোখ রেখে।” আর আজ যখন জিততে হবে তাদের, তখন ইরানের ‘দুই চোখ’ই হয়তো থাকবে আক্রমণে।

বসনিয়া-হার্জেগোভিনা শিবিরে তাই সতর্কতা। স্ট্রাইকার ভেদাদ ইবিসেভিচ যেমন বলেছেন, “ম্যাচটি হবে ভীষণ কঠিন। কেননা আমরা বিশ্বকাপ থেকে ছিটকে গেছি আর ইরান খেলবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লক্ষ্য অর্জনের জন্য। তবে এমন পরিস্থিতিতে কিভাবে নিজেদের উজ্জীবিত করতে হয়, সেটি জানার মতো যথেষ্ট ফুটবল আমরা খেলেছি।”

এই ম্যাচের জন্য ইরানের একাদশ কিংবা ফর্মেশনে পরিবর্তন আসার সম্ভাবনা সামান্য। কিন্তু সাফেত সুসিচ নিশ্চিতভাবে বদলাবেন তা। ৪-৫-১ রক্ষণাত্মক ধাঁচের ফর্মেশন থেকে বসনিয়া-হার্জেগোভিনাকে আবার নিয়ে যাবেন ৪-৪-২ আক্রমণাত্মক ছকে। ফরোয়ার্ডে জেকোর সঙ্গে ইবিসেভিচও ফিরছেন একাদশে। এভাবে খেলেই তো ৩০ গোল দিয়ে বাছাইপর্ব পেরিয়েছিল দেশটি। কেন যে বিশ্বকাপে এসে পরীক্ষিত ফর্মেশন পাল্টে পরীক্ষা-নিরীক্ষার দিকে গিয়েছিলেন সুসিচ!

১৯৯৮ সালে বিশ্বকাপে নিজেদের একমাত্র জয় পেয়েছিল ইরান, রাজনৈতিক প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এরপর তেহরানের রাস্তায় রাস্তায় যে উৎসব হয়েছিল, দেশবাসী তা ভোলেননি এখনো। বসনিয়া-হার্জেগোভিনাকে হারাতে পারলে আর গ্রুপের অন্য খেলায় আর্জেন্টিনা নাইজেরিয়াকে হারালে আরো বড় উৎসব হবে হয়তো।